বাংলাদেশ পেনচাক সিলাত অ্যাসোসিয়েশনের প্রথম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর উত্তরায় অবস্থিত ফাউন্ডার'স কমিউনিটি ক্লাব লিমিটেডে এ সভা আয়োজিত হয়।
সভায় দেশে পেনচাক সিলাত খেলাকে জনপ্রিয় করে তোলার বিভিন্ন উপায় ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া সিদ্ধান্ত নেওয়া হয়, বিদেশি কোচ এনে উন্নত প্রশিক্ষণের মাধ্যমে দেশীয় খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে শিগগিরই দুই দিনব্যাপী একটি সেমিনার আয়োজন করা হবে।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নুর ইসলাম বাবু। তিনি বলেন, বাংলাদেশে পেনচাক সিলাত এখনো নতুন একটি খেলা হলেও এটি তরুণ প্রজন্মের মাঝে দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে। আমরা চাই এই খেলাটিকে দেশের প্রতিটি জেলায় ছড়িয়ে দিতে এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার মতো দক্ষ খেলোয়াড় তৈরি করতে। এ
সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ রুকনুজ্জামান রনি, রেজাউল করিম মাছুম, রেজোয়ানুল খান, নাজমুস সাকিব, মো. হাবিব, তানভির আহমেদ শামস, শাহরিয়ার রাকিব, খালিদ সাইফুল্লাহ্সহ অন্যান্য সদস্যবৃন্দ।
