সাভারে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জুয়েল মাহমুদ নয়ন (৩০) নামের এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবির পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এছাড়া হাজেরা নামের ১০ বছরের এক শিশুকে মূমুর্ষ অবস্থায় হাসপাতালের নিবির পরিচর্যা কেন্দ্র (আইসিইতে) ভর্তি রাখা হয়েছে।
নিহত নয়ন মাহমুদ জুয়েল ধামরাই উপজেলার কুল্লা গ্রামের জলিল উদ্দিনের ছেলে। গত রবিবার ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।
এদিকে, সাভারে শিশুসহ বিভিন্ন বয়সী প্রায় শতাধিকের বেশী রোগী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে জানা গেছে। এর মধ্যে শুধুমাত্র এনাম মেডিকেল কলেজ হাসপাতালেই ভর্তি আছেন প্রায় ৪০ জন ডেঙ্গু রোগী। এ হাসপাতাল থেকেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ১ম বর্ষের ছাত্রী উ খিং নু চিকিৎসা নিয়ে সুস্থ্যতা অনুভব করে নিজ বাসা কক্সবাজারে গিয়ে পুনরায় অসুস্থ্য হয়ে মারা যান।
নিহত নয়ন মাহমুদ জুয়েলের স্ত্রী রুপালি আক্তার জানান, তার স্বামী গত এক সপ্তাহ ধরে জ্বরে ভূগছিলেন। গত শনিবার তার শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে তাকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তৃপক্ষ তাকে হাসপাতালের নিবির পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকেরা।
ডেঙ্গুতে নয়নের মৃত্যুর বিষয়টিও নিশ্চিত করেছেন এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের আইসিইউ’র দায়িত্বরত চিকিৎসক রেজাউল করিম।
এদিকে সাভারে প্রতিদিনই ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে। স্থানীয় বিভিন্ন হাসপাতাল ক্লিনিকে প্রায় অর্ধশতাধিক ব্যক্তি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন: বাসা থেকে ৮০ লাখ টাকা উদ্ধার: ডিআইজি পার্থ কারাগারে
সাভার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. বেনজির আক্তার বলেন, সাভার সরকারি হাসপাতালে এখন ২৬ জন এ পর্যন্ত ভর্তি হয়েছেন। এদের মধ্যে অনেকেই সুস্থ্য হয়ে বাসায় ফিরে গেছেন। বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ৮ জন ভর্তি রয়েছে।
ইত্তেফাক/কেকে
