নোভার্টিসের ঐতিহ্য ধরে রাখার অঙ্গীকার নেভিয়ানের

আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ১৬:১৭

সুইজারল্যান্ডভিত্তিক বহুজাতিক ওষুধ প্রস্তুতকারক কোম্পানি নোভার্টিস (বাংলাদেশ) লিমিটেড শেয়ারহস্তান্তরের পর নেভিয়ান নামে নতুনভাবে যাত্রা শুরু করেছে। এই রূপান্তরের অংশ হিসেবে নেভিয়ান বাংলাদেশে নোভার্টিসের লাইসেন্সপ্রাপ্ত বিশ্বখ্যাত ওষুধ উৎপাদন ও বাজারজাতকরণ কার্যক্রম শুরু করেছে।

রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে নেভিয়ান উৎপাদিত প্রথম নোভার্টিস ব্র্যান্ড ‘গ্যালভস মেট’-এর মোড়ক উন্মোচন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুরস্কের বাণিজ্যিক কাউন্সেলর বিলাল বেলইউর্ট, ব্রাজিল দূতাবাসের ডেপুটি হেড অব মিশন লিওনার্দো ডি অলিভেরা জানুজি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান, শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান, এবং বিসিআইসি চেয়ারম্যান মো. ফজলুর রহমান। এছাড়াও ওষুধ শিল্প, সরকার ও আর্থিক খাতের শীর্ষ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শেয়ার হস্তান্তরের পরও নোভার্টিসের গবেষণাধর্মী ওষুধগুলোর প্রাপ্যতা বজায় রাখা এবং তা স্থানীয়ভাবে উৎপাদনের মাধ্যমে বাংলাদেশে ওষুধ শিল্পের আত্মনির্ভরতা আরও দৃঢ় হচ্ছে। তারা নেভিয়ানের এই উদ্যোগকে দেশের স্বাস্থ্যখাতে একটি বড় অগ্রগতি হিসেবে অভিহিত করেন।

নেভিয়ানের ব্যবস্থাপনা পরিচালক মুসাওয়াত শামস জাহেদী জানান, নোভার্টিসের ব্র্যান্ডগুলোর উৎপাদনে গুণগত মানের কোনো পরিবর্তন হবে না। একই ফর্মুলা, একই প্রক্রিয়া, একই প্রশিক্ষিত জনবল এবং একই ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে উৎপাদন হবে এই ওষুধগুলো। ফলে রোগীরা আগের মতোই মানসম্পন্ন ওষুধ পাবেন।

নেভিয়ানের অন্যতম উদ্যোক্তা পরিচালক ও রেডিয়েন্ট ফার্মার চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী বলেন, নোভার্টিস ২৫০ বছরেরও বেশি সময় ধরে বিশ্বজুড়ে উদ্ভাবনী ওষুধ সরবরাহ করে আসছে। বাংলাদেশে এই ব্র্যান্ডের ওষুধগুলো গত ৫০ বছর ধরে চিকিৎসকদের আস্থার প্রতীক। নোভার্টিস যখন বাংলাদেশ থেকে শেয়ার প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়, তখন রোগীদের সেই আস্থা বজায় রাখতেই নেভিয়ানের যাত্রা শুরু।

বিসিআইসির চেয়ারম্যান ফজলুর রহমান বলেন, এটি শুধুমাত্র একটি ব্যবসায়িক পদক্ষেপ নয়; বরং বাংলাদেশে ওষুধ শিল্পের আত্মনির্ভরতার পথে এক গুরুত্বপূর্ণ ধাপ। নেভিয়ান দেশীয় স্বাস্থ্যসেবায় বিশ্বমানের সেবা নিশ্চিত করতে ভূমিকা রাখবে।

ডা. চৌধুরী মাহমুদ হাসান, সাবেক ওষুধ প্রশাসন প্রধান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের অধ্যাপক, বলেন, নেভিয়ানের মাধ্যমে নোভার্টিস ব্র্যান্ডগুলোর দেশীয় উৎপাদন দেশের ওষুধ শিল্পের সক্ষমতা ও গুণগত মানের প্রমাণ।

ইত্তেফাক/এএইচপি