টাঙ্গাইলের কালিহাতীতে ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে আহত ভ্যানচালক মিনু মিয়া আট দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে মারা গেলেন। ২৯ জুলাই (সোমবার) দুপুরে তিনি ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মৃত্যুবরণ করেন।
গত ২১ জুলাই উপজেলার সয়া বাজারে ভুঞাপুরের ভ্যানচালক মিনু মিয়াকে ছেলেধরা সন্দেহে গণপিটুনি দেয় স্থানীয়রা। পরে তাকে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিত্সা দেওয়ার পর টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু আঘাত গুরুতর হওয়ায় ঐ রাতেই তাকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। দৈনিক ইত্তেফাকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি প্রকাশিত হলে মিনু মিয়ার ভাই মো. রাজীব হোসেন বাদী হয়ে গত ২২ জুলাই রাতে কালিহাতী থানায় মামলা করেন।
এ ঘটনার পরপরই আসামিদের গ্রেফতারের দাবিতে তার নিজ এলাকা ভূঞাপুরে মানববন্ধনসহ সারা জেলায় প্রতিবাদের ঝড় ওঠে। ঐদিন রাতেই কালিহাতীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছয় জনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত আসামিরা বর্তমানে টাঙ্গাইল জেলহাজতে রয়েছে।
