ডিআইজি প্রিজন পার্থ বণিক কারাগারে, মামলা দায়ের

আপডেট : ২৯ জুলাই ২০১৯, ২২:০৩

বাসা থেকে ৮০ লাখ টাকা উদ্ধারের ঘটনায় সিলেট কারাগারের ডিআইজি (প্রিজন্স) পার্থ গোপাল বণিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক সালাউদ্দীন আহমেদ বাদী হয়ে মামলাটি করেন। এর আগে বেলা ১২টায় পার্থ গোপাল বণিককে আরো জিজ্ঞাসাবাদের জন্য দুদক কার্যালয়ে আনা হয়। এরপর তাকে আদালতে নেওয়া হয়। পরে আদালত তার জামিন আবেদন নাকচ করে দিয়ে কারাগারে প্রেরণ করে। উল্লেখ্য, গত রবিবার বিকালে ধানমন্ডির ভূতের গলিতে পার্থ গোপাল বণিকের ফ্ল্যাট থেকে ৮০ লাখ টাকা উদ্ধার করে দুদক। এরপরেই তাকে আটক করা এবং মামলা দায়েরের পর গ্রেফতার দেখানো হয়।

এদিকে, গতকাল সোমবার দুপুরে দুদকের সচিব মুহাম্মদ দিলোয়ার বখত সাংবাদিকদের জানান, সিলেট কেন্দ্রীয় কারাগারের ডিআইজি পার্থ গোপাল বণিকের বাসা থেকে উদ্ধার করা ৮০ লাখ টাকার বৈধ উত্স পায়নি দুর্নীতি দমন কমিশন (দুদক)। উদ্ধারকৃত টাকার বিষয়ে তিনি (পার্থ) স্বীকারোক্তি দিয়েছেন। অন্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

গতকাল দায়ের করা মামলার এজহারে অভিযোগ করে বলা হয়েছে, ডিআইজি (প্রিজন্স) পার্থ গোপাল বণিক সরকারি চাকরিতে কর্মরত থেকে অর্পিত ক্ষমতার অপব্যবহার করে অবৈধ উপায়ে বৈধ পারিশ্রমিকের অতিরিক্ত হিসেবে ঘুষ গ্রহণ করে জ্ঞাত আয় বহির্ভূত ৮০ লাখ টাকা অর্জন করেন। যা তার নিজের দখলে নিয়ে অবৈধ পন্থায় অর্জিত অর্থের অবস্থান গোপন করে পাচারের উদ্দেশ্যে নিজ বাসার কেবিনেটে লুকিয়ে রেখে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।