সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন সম্পর্কিত রোডম্যাপ ও নির্বাচন কমিশনসহ যাবতীয় বিষয় আগামী সোমবার (২৭ অক্টোবর) ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম।
বুধবার (২২ সেপ্টেম্বর) বিকাল ৪টায় রেজিষ্ট্রার ভবনের সামনে শাকসু নির্বচনের রোডম্যাপের দাবিতে আন্দোলনকৃত শিক্ষার্থীদের সাথে কথা বলার সময় তিনি এ ঘোষণা দেন।
তিনি আরো বলেন, ‘আমাদের গঠনতন্ত্র সংশোধনের কাজ সম্পন্ন হয়েছে। আমরা নির্বাচনের কাজ অনেকটা এগিয়েছি। উপাচার্য স্যার ঢাকায় আছেন। স্যারের সাথে তোমাদের দাবির ব্যাপারে কথা বলেছি। স্যার আমাকে বলেছেন আগামী সোমবার নির্বাচনের রোডম্যাপ ও নির্বাচন কমিশন ঘোষণা করা হবে। আমি তোমাদের শতভাগ আশ্বস্ত করতে চাই আগামী সোমবারেই সকল কার্যক্রম সম্পন্ন হবে।’
এর আগে একইদিন বেলা আড়াইটা থেকেই নির্বাচনের রোডম্যাপ ও নির্বাচন কমিশন গঠনের দাবিতে রেজিষ্ট্রার ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে একদল শিক্ষার্থী।
এ বিষয়ে ইংরেজি বিভাগের শিক্ষার্থী দেলোয়ার হোসেন শিশির বলেন, ‘স্যার আমাদের আশ্বস্ত করেছেন আগামী সোমাবর নির্বাচনের রোডম্যাপ ও নির্বাচন কমিশন গঠন করা হবে। যদি এর ব্যত্যয় ঘটে তাহলে শিক্ষার্থীদের সাথে নিয়ে রেজিষ্ট্রার ভবনে তালা ঝুলিয়ে দেওয়া হবে। যদি আর কোন ষড়যন্ত্র হয় তা শক্ত হাতে প্রতিহত করা হবে।’
