জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস আগামী ২৭ অক্টোবর, থাকবে না সাংস্কৃতিক অনুষ্ঠান

আপডেট : ২২ অক্টোবর ২০২৫, ২১:৫৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসেনকে হত্যার প্রেক্ষিতে স্থগিত হওয়া বিশ্ববিদ্যালয় দিবস আগামী ২৭ অক্টোবর (সোমবার) অনুষ্ঠিত হবে। তবে আগের মতো জাঁকজমকপূর্ণ আয়োজন এবার থাকছে না।

বুধবার (২২ অক্টোবর) এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম।

উপাচার্য রেজাউল করিম বলেন, আগামী সোমবার বিশ্ববিদ্যালয় দিবস পালিত হবে। এদিন কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকছে না।

তিনি আরও বলেন, আমরা সবাই জোবায়েদ হত্যার ঘটনায় মর্মাহত। তার হত্যার বিচার দ্রুত নিশ্চিত করতে আমি ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের আইন কর্মকর্তাকে তদারকির নির্দেশ দিয়েছি।

এর আগে গত রবিবার বিকালে আরমানিটোলার একটি ভবনের সিঁড়িতে স্থানীয়রা জোবায়েদ হোসেনের রক্তাক্ত মরদেহ দেখে পুলিশকে খবর দেন। যে ভবন থেকে জোবায়েদের মরদেহ উদ্ধার করা হয় সেখানে তিনি টিউশনি পড়াতেন। 

এ ঘটনায় জোবায়েদের ছাত্রী বার্জিস শাবনাম বর্ষা, বর্ষার কথিত প্রেমিক মোঃ মাহির রহমান এবং মাহিরের বন্ধু ফারদিন আহমেদ আয়লান হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পুলিশের সূত্রমতে, প্রেমের সম্পর্কে টানাপোড়েন ও ত্রিভুজ প্রেমের কারণে হত্যা করা হয় জোবায়েদ হোসেনকে।

ইত্তেফাক/এএইচপি