আগামী মাসের মাঝামাঝি মার্কিন গোয়েন্দা পরিচালক ড্যান কোটস পদত্যাগ করবেন। গতকাল সোমবার এক টুইটার বার্তায় এই তথ্য জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। রাশিয়া ও উত্তর কোরিয়া নিয়ে প্রায়ই বিতর্কে জড়িয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প ও কোটস। খবর রয়টার্সের
ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের সাবেক সিনেটর কোটস রাশিয়াবিরোধী রাজনীতিক হিসেবে পরিচিত। শুরুতে তাঁর কট্টর সমালোচনা করলেও ২০১৭ সালের জানুয়ারিতে তাঁকেই জাতীয় নিরাপত্তার দায়িত্ব দেন ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্প জানান, কোটসের স্থলাভিষিক্ত হবেন কংগ্রেসম্যান জন রেটক্লিফ। ট্রাম্প বলেন, রেটক্লিফ দেশকে ভালোবাসেন। তিনি দেশকে নেতৃত্ব দেবেন এবং মহত্ কাজের অনুপ্রেরণা হবেন। তবে নতুন পরিচালক রেটক্লিফের নিয়োগ সিনেট কর্তৃক অনুমোদিত হতে হবে। এদিকে রেটক্লিফের নিয়োগে মার্কিন রাজনীতিতে চলছে আলোচনা সমালোচনা। কারণ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে রবার্ট মুলারের যে তদন্ত করেছেন তা নিয়ে শুনানিতে সবচেয়ে বেশি প্রশ্ন রেটটক্লিফই তুলেছেন।
জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক হিসেবে সিআইএ এবং এনএসএসহ যুক্তরাষ্ট্রের ১৭টি গোয়েন্দা সংস্থার তত্ত্বাবধানের দায়িত্ব ছিল ড্যান কোটসের ওপর। কিন্তু গোয়েন্দা সংস্থাগুলোর প্রতি সদয় ছিলেন না ট্রাম্প। এছাড়া গোয়েন্দা সংস্থাগুলোর ওপর কর্তৃত্ব ফলানোর চেষ্টা ছিল প্রেসিডেন্ট ট্রাম্পের। যার ফলে, বিভিন্ন ইস্যুত ড্যান কোটসের মূল্যায়ণকে প্রতিনিয়ত অবজ্ঞা করে গেছেন তিনি। এর আগে গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের ওপর ইরানের হুমকি বিষয়ে গোয়েন্দা সংস্থাগুলোর প্রধান কর্মকর্তাদের মূল্যায়ণকে নিস্ত্রিয় এবং হাস্যকর বলে উল্লেখ করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। ড্যান কোটস ছাড়াও এর আগে হোয়াইট হাউস ছেড়েছেন বেশ কয়েকজন শীর্ষ মার্কিন কর্মকর্তা।
