পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরে একটি বরফ কলের পাইপ ফেটে ছড়িয়ে পড়েছে বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস। এতে ওই বরফ কলের শ্রমিকসহ আশাপাশে থাকা অন্তত ২০ জন অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বুধবার (২৩ অক্টোবর) গভীর রাতে উপজেলার ‘গাজী আইস প্ল্যান্টে’ এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত ২টার দিকে হঠাৎ বরফ কলের কর্নেসার পাইপ ফেটে অ্যামোনিয়া গ্যাস চারপাশে ছড়িয়ে পড়ে। এতে মুহূর্তেই ঘন ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। গ্যাসের গন্ধে ওই বরফ কলের শ্রমিকদের পাশাপাশি কাছাকাছি অবস্থানে থাকা জেলেদের মধ্যেও শ্বাসকষ্ট, চোখে জ্বালা, বমিভাব ও মাথা ঘোরা শুরু হয়।
খবর পেয়ে কলাপাড়া ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর অবস্থায় পাঁচজনকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান ফায়ার সার্ভিসের সদস্যরা।
কলাপাড়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবুল হোসেন বলেন, অ্যামোনিয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ গ্যাস। এটি শ্বাসযন্ত্র, চোখ ও ত্বকের মারাত্মক ক্ষতি করে। আমরা দ্রুত ব্যবস্থা না নিলে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারতো। ঘটনার পর ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বরফ কলটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি নিরাপত্তা যাচাই না হওয়া পর্যন্ত পুনরায় চালু না করার পরামর্শ দেওয়া হয়েছে।
