সাতক্ষীরার পশ্চিম বন-বিভাগের অফিস ঘেরাও করেছে জেলেরা

আপডেট : ২৯ জুলাই ২০১৯, ২৩:৩২

সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনে প্রবেশে সকল পাস ও পারমিট বন্ধ করে দেওয়ায় বন অফিস ঘেরাও করেছে সুন্দরবনের উপর নির্ভরশীল জেলেরা। সোমবার সকাল ১০টার দিকে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন অফিসের সামনে কয়েক হাজার  মাছ ও কাঁকড়া ধরা জেলেরা  বন অফিস ঘেরাও করে তাদের দাবি দাওয়ার কথা জানায়।

কাঁকড়া জেলে হানিফ গাজী, আবু হাসান, আব্দুস সাত্তার বলেন, 'সুন্দরবনে প্রবেশে জেলেদের পাস না দিলে আমাদের পরিবারের লোকেরা না খেয়ে মারা যাবে। আমরা সুন্দরবনের উপর নির্ভরশীল। আমাদের পূর্ব পুরুষেরাও সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করতেন।' এ সময় গাবুরা,বুড়িগোয়ালীনী, পদ্দপুকুর, মুন্সিগঞ্জ ও কৈখালি ইউনিয়ন থেকে আসা কয়েক হাজার জেলে আগামী এক তারিখের মধ্যে পাস দেওয়ার দাবি জানান। তাদের দাবি না মানলে মানববন্ধনসহ বন-অফিস ঘেরাও কর্মসূচি পালন করার কথা ব্যক্ত করেন।

বুড়িগোয়ালীনী স্টেশন কর্মকর্তা আকত্তারুজ্জামান জেলেদের উদ্দেশ্যে বলেন, 'আপনাদের পাস দেওযার জন্য আমি বন-বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলবো। আপনাদের দাবি-দাওয়ার কথা তুলে ধরবো। তবে আপনাদের মধ্যে কিছু অসাধু জেলে আছে, যারা সুন্দরবনের নদ-নদীতে বিষ প্রয়োগ করে মাছ শিকার করে। এতে বিভিন্ন প্রজাতির মাছ ও কাঁকড়া মারা যায়। এসব জেলেদের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পাস বন্ধ করে দিয়েছে।'

আরও পড়ুন:  ব্রাজিলে কারাগারে দাঙ্গায় নিহত অর্ধশতাধিক

সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা রফিক আহম্মেদ বলেন, 'জেলেদের সকল দাবি বন-বিভাগ মেনে নেওয়া হবে। তবে যারা সুন্দরবনে খালে বিষ দিয়ে মাছ শিকার করে তাদের ধরিয়ে দিতে হবে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।' এ সময় জেলেরা এক বাক্যে বলেন, 'অসাধু জেলেদের ধরিয়ে দিতে আমরা রাজি আছি।'

ইত্তেফাক/জেডএইচডি