ফরিদগঞ্জে তরুণীকে কুপিয়ে হত্যা

আপডেট : ৩০ জুলাই ২০১৯, ০০:১৭

চাঁদপুরের ফরিদগঞ্জের রূপসা ইউনিয়নের চরমগুয়া গ্রামে মিসু আক্তার (২০) নামে তরুণীকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার (২৯ জুলাই) ভোর ৫টার দিকে ঐ গ্রামের ফরমান আলী মিজি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মিসু ঐ বাড়ির মৃত সেলিম মিজির কন্যা। প্রায় এক বছর আগে মিসুর পার্শ্ববর্তী সন্তোষপুর গ্রামের কাতার প্রবাসী এক ছেলের সঙ্গে বিয়ে হয়। কিন্তু মিসু বাবার বাড়িতেই থাকতেন। স্থানীয় বাসিন্দা মো. আলমগীর জানান, ভোরে মিসুর মা সালেহা বেগম তার ছোটো দুই ভাইকে মক্তবে পড়ার জন্যে নিয়ে যান। ঐ সময় মিসু ঘরে একা ছিল। ঠিক ঐ মুহূর্তে একই গ্রামের চিহ্নিত কয়েকজন সন্ত্রাসী অতর্কিত চাপাতি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে মিসুকে রক্তাক্ত জখম করে। তার চিকত্কার শুনে মা সালেহা বেগম এগিয়ে এসে হামলাকারীদের ধরার চেষ্টা করেন। কিন্তু তারা দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে মিসুকে বাড়ির লোকজন উদ্ধার করে ঢাকায় নিয়ে যাওয়ার সময় দাউদকান্তি এলাকায় সকাল ১০টায় তার মৃত্যু হয়। ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। বিষয়টি তদন্ত করে জানা যাবে কীভাবে এবং কী কারণে মিসু আক্তার নিহত হয়েছেন।