কোনো বিষয় সত্যিকারের বোঝার সবচেয়ে বড় পরীক্ষা হলো-আপনি সেটি অন্য কাউকে সহজভাবে বুঝিয়ে বলতে পারেন কি না। এই দর্শনের ওপর দাঁড়িয়ে পদার্থবিজ্ঞানী রিচার্ড ফেইনম্যান তৈরি করেছিলেন এক অনন্য শেখার কৌশল, যার নাম ঋবুহসধহ ঞবপযহরয়ব। তিনি বিশ্বাস করতেন‘যদি তুমি কিছু সহজভাবে ব্যাখ্যা করতে না পারো, তাহলে তুমি সেটি ঠিকভাবে বোঝোনি।’
বর্তমান সময়ে কর্মজীবন বা শিক্ষাজীবনে প্রতিনিয়ত নতুন কিছু শেখার প্রয়োজন হয়। কিন্তু আমরা অনেক সময় তথ্য মুখস্থ করি, যদিও এর আসল অর্থটি বুঝি না। ফেইনম্যান টেকনিক শেখায় কীভাবে জটিল বিষয় সহজভাবে আয়ত্ত করা যায় এবং লম্বা সময় ধরে মনে রাখা যায়।
এই পদ্ধতি চারটি ধাপে কাজ করে-
বিশ্লেষণ করে শিখুন: প্রথমে এমন একটি বিষয় বেছে নিন, যা আপনি সত্যিই বুঝতে চান। পড়ুন, ভিডিও দেখুন, নোট নিন।
অন্যকেও বোঝান: এখন বিষয়টি কারোর সামনে এমনভাবে ব্যাখ্যা করুন, যেন আপনি একজন নতুন শিক্ষার্থীকে বোঝাচ্ছেন। কোনো টেকনিক্যাল শব্দ ছাড়াই সহজ ভাষায় ব্যাখ্যা দিন।
ঘাটতি খুঁজে বের করুন: ব্যাখ্যা করতে গিয়ে যেখানে আটকে যাবেন, সেটিই আপনার দুর্বল জায়গা। আবার বিষয়টি শিখে নিন যতক্ষণ পর্যন্ত পরিষ্কার না হয়।
সরলীকরণ করুন: শেষে বিষয়টি এমনভাবে লিখুন বা বলুন, যেন যে কেউ বুঝতে পারে। উদাহরণ বা তুলনা ব্যবহার করুন।
কেন এটি গুরুত্বপূর্ণ
ফেইনম্যান টেকনিক মুখস্থ নয়, বরং বুঝে শেখার কৌশল। এটি চিন্তা ও বিশ্লেষণক্ষমতা বাড়ায়। আপনি যদি কোনো বিষয় এমনভাবে ব্যাখ্যা করতে পারেন, যেন সবাই সহজে বুঝে তাহলে বুঝবেন আপনি সত্যিই সেটি আয়ত্ত করেছেন।
কর্মজীবনে প্রয়োগ
এই পদ্ধতি শুধু শিক্ষাক্ষেত্রে নয়, পেশাগত উন্নতিতেও সমান কার্যকর- প্রেজেন্টেশনের আগে বিষয়টি এমনভাবে অনুশীলন করুন, যেন শ্রোতারা আগ্রহ নিয়ে শোনে।
নতুন স্কিল শেখার সময়
প্রতিটি ধাপ নিজের ভাষায় লিখে রাখুন।
মিটিং বা ক্লায়েন্ট ব্রিফিংয়ে জটিল বিষয় সহজভাবে ব্যাখ্যা করতে পারলে নেতৃত্বের গুণ বাড়ে।
নিয়মিত অনুশীলনের প্রয়োজন
ফেইনম্যান টেকনিকের আসল শক্তি হলো নিয়মিত অনুশীলন। এছাড়া আপনি অন্যদেরকে যত বেশি শেখাবেন, তত বেশি শিখবেন। এটি আত্মবিশ্বাস বাড়ায়, চিন্তায় স্বচ্ছতা আনে এবং আপনাকে প্রকৃত অর্থে ‘জ্ঞানী’ হতে সহায়তা করে।
জটিল বিষয়কে সহজভাবে ব্যাখ্যা করতে পারাই সত্যিকারের বুদ্ধিমত্তা। ফেইনম্যান টেকনিক আমাদের শেখায়-বুদ্ধিমান হওয়া মানে সব জানার চেষ্টা নয়, বরং যা জানি সেটি স্পষ্টভাবে বোঝা এবং বোঝাতে পারা।
