যশোরের পাঁচ ভূলোট সীমান্তে কর্তব্যরত থাকাকালীন মাদক চোরাকারবারিদের নিক্ষিপ্ত ককটেলের আঘাতে গুরুতর আহত বিজিবির হাবিলদার মো. আকমল হোসেন ঢাকা সিএমএইচে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিত্সাধীন অবস্থায় গতকাল সকাল সাড়ে ৯টায় মারা গেছেন। বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মোহসীন রেজা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবির ব্যবস্থাপনায় আকমলের মরদেহ রংপুরের মিঠাপুকুর উপজেলার খোর্দ্দকোমরপুর গ্রামে তার স্বজনদের কাছে পাঠানোসহ অন্যান্য প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। গত শনিবার রাতে মাদকবিরোধী অভিযান চালানোর সময় হাবিলদার মো. আকমল হোসেন গুরুতর আহত হন। এ ঘটনায় এক মাদক চোরাকারবারি নিহত হন। এছাড়া চার জন মাদক চোরাকারবারি আটক, তিনটি ককটেল ও ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছিল।
