পররাষ্ট্রসচিব পর্যায়ে বৈঠক

২৫ হাজার রোহিঙ্গার তালিকা মিয়ানমারের কাছে হস্তান্তর

আপডেট : ৩০ জুলাই ২০১৯, ০০:১৯

প্রত্যাবাসনের লক্ষ্যে আরো ৬ হাজার পরিবারের ২৫ হাজার রোহিঙ্গার তালিকা মিয়ানমারের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ। মিয়ানমার এসব রোহিঙ্গা সম্পর্কে যাচাই-বাছাই করবে। সফররত মিয়ানমারের পররাষ্ট্র সচিব মিষ্ট থ-এর সঙ্গে বৈঠকের পর ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব কামরুল আহসান গতকাল সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ কথা বলেন।

ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব জানান, এর আগে দুই দফায় ৩০ হাজার রোহিঙ্গার তালিকা মিয়ানমার সরকারকে দেওয়া হয়। এদের মধ্যে ৮ হাজারের যাচাই-বাছাই (ভেরিফিকেশন) হয়। নতুন ২৫ হাজারসহ সর্বমোট ৫৫ হাজার রোহিঙ্গার তালিকা দেওয়া হয়। তিনি বলেন, রোহিঙ্গাদের মধ্যে আস্থার সংকট রয়েছে। তাদের মধ্যে আস্থা তৈরি করা জরুরি। মিয়ানমারের পররাষ্ট্র সচিব দুই দিন ধরে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেছেন। রোহিঙ্গাদের দাবি—নাগরিকত্ব, চলাফেরার স্বাধীনতা, উচ্ছেদের আগের স্থানে ফিরে যাওয়া।

অন্যদিকে মিয়ানমারের পররাষ্ট্র সচিব বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, আমরা রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেছি। প্রত্যাবাসনের প্রস্তুতি সম্পর্কে অবহিত করেছি।

মিয়ানমারের পররাষ্ট্র সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল শনিবার ও রবিবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। গতকাল সকালে রাষ্ট্রীয় অতিথি ভবনে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করেন। মিয়ানমারের প্রতিনিধি দলে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের প্রতিনিধিরা ছিলেন।