টরন্টোর শহরতলির প্রায় ৩০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত মারখামের একটি বাসা থেকে চার জনের মৃতদেহ পুলিশ উদ্ধার এবং এ ঘটনায় ইয়র্ক রিজিওনাল পুলিশ ২০ বছর বয়সি এক যুবককে আটক করেছে। আটককৃত যুবক নিহত দম্পতির ছেলে।
গত রবিবার রাতে এ নির্মম ঘটনা ঘটেছে বলে পুলিশ তথ্য প্রকাশ করেছে। কিন্তু পুলিশ এখনো নিহতদের নাম, পরিচয় প্রকাশ করেনি। তবে সিবিএনের এক রিপোর্ট থেকে জানা গেছে, নিহত সবাই বাংলাদেশি এবং টাঙ্গাইল জেলার অধিবাসী। তারা হলেন—মোহাম্মদ মনির ও মুক্তা জামান এবং তাদের মেয়ে এবং কানাডায় বেড়াতে আসা মুক্তা জামানের মা অর্থাত্ মনিরের শাশুড়ি।
সিবিএন আরো জানিয়েছে, নিহত দম্পতির গ্রেফতারকৃত ছেলে সম্ভবত মানসিকভাবে বিকারগ্রস্ত ছিল, এমনকি সে মাদকাসক্তও ছিল। তিনি ধারণা করছেন, খাবারে কিছু মিশিয়ে অজ্ঞান করার পর ছুরিকাঘাতে তাদের হত্যা করে সে। এরপর সে গেম খেলতে থাকে। পরিবারের সদস্যদের খুন করার বিষয়টি এ ছেলেই মন্ট্রিয়লে থাকা তার এক বন্ধুকে ফোন করে জানায়।
এ হত্যাকাণ্ডকে গোয়েন্দা সংস্থা গণহত্যা বলে অভিহিত করে। পুলিশ প্রতিবেশীদের কাছে খোঁজখবর নিচ্ছে এবং আরো জানিয়েছে, এ ব্যাপারে আরো তদন্ত চলছে। এজন্য জনসাধারণের সাহায্য-সহযোগিতা প্রত্যাশা করেছেন। পুলিশের কাছে প্রতিবেশী পাসকোয়াল ডি সৌজা জানিয়েছেন, এ বাড়িতে পরিবারটি ২০০২ সাল থেকে বসবাস করে আসছিল।
