শক্তভাবে ঘুরে দাঁড়ানোর আশায় সৌম্য

আপডেট : ৩০ জুলাই ২০১৯, ০০:৫০

ক্লান্ত, পরিশ্রান্ত, হতোদ্যম, আত্মবিশ্বাস তলানিতে ঠেকে যাওয়া এক দল—শ্রীলঙ্কা সফরে এখন অব্দি বাংলাদেশ দলের প্রতিচ্ছবি এটাই। টানা দুই ম্যাচ হেরে সিরিজ ইতিমধ্যেই খুইয়েছে বাংলাদেশ দল। প্রথম ওয়ানডেতে ৯১ রানে এবং গত রবিবার দ্বিতীয় ওয়ানডেতে ৭ উইকেটে শ্রীলঙ্কার কাছে হেরেছে তামিম ইকবালের দল।

আগামীকাল সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে লঙ্কানদের মুখোমুখি হবে বাংলাদেশ। দলের মতোই ব্যাট হাতে বাজে সময়ের ঘূর্ণাবর্তে দিন কাটছে সৌম্য সরকারের। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে তিনটি হাফ সেঞ্চুরির পর বিশ্বকাপ, শ্রীলঙ্কা সফরে বড়ো রান নেই সৌম্যর ব্যাটে। গতকাল কলম্বোর টিম হোটেলে সৌম্য সাংবাদিকদের জানিয়েছেন, সিরিজ হারলেও আগামীকাল শেষ ম্যাচে শক্তভাবে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ দল।

সিরিজ হারের পর দলের মানসিক অবস্থার কথা জানাতে গিয়ে গতকাল সৌম্য বলেছেন, ‘শুরুতে যখন এসেছি তখন প্রস্তুত ছিলাম সিরিজটা ভালোভাবে খেলব। আমাদের সবারই প্রস্তুতি ছিল সিরিজে ভালো করার। কিন্তু প্রথম দুইটা ম্যাচ হেরে আমরা সিরিজ হেরে গেছি। এটা নিয়ে সবাই খুব চিন্তিত। কেন এমন হচ্ছে সেটা নিয়ে। আমরা সকলের সঙ্গে কথা বলছি, কী করলে ভালো করা যাবে। শেষ যে ম্যাচটা আছে সেটাকে চেষ্টা করব শক্তভাবে ঘুরে দাঁড়ানোর জন্য।’

মুশফিক ছাড়া এই সিরিজে বাংলাদেশের বলার মতো কোনো পারফরমার নেই। ভারপ্রাপ্ত অধিনায়ক তামিম, সৌম্য, মাহমুদউল্লাহরা ব্যাটিংয়ে ব্যর্থ। দুই ম্যাচে তামিম ১৯, সৌম্য ২৬, মাহমুদউল্লাহ ৯ রান করেছেন। মোসাদ্দেক ২৫, মিঠুন ২২, মুস্তাফিজ ২০ রান করেছেন। ব্যাটিংয়ের এই হতশ্রী হালই বলে দেয়, দলের অবস্থান কতটা ভঙ্গুর।

সৌম্যর চোখে কোথাও একটা ভুল হচ্ছে। এবং সেটা ধরতে চেষ্টা করছেন ক্রিকেটাররা। বাঁহাতি এই ওপেনার বলেছেন, ‘কোথাও একটা ভুল হচ্ছে, একত্রিতভাবে। এখান থেকে কীভাবে বের হওয়া যায়, ঘুরে দাঁড়ানো যায় সেটা নিয়ে কথা বলছি। অনেকেই ব্যক্তিগতভাবে অনুশীলনে যাচ্ছে এখন। সবকিছু মিলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি। ইতিমধ্যে আমরা দুটি ম্যাচ হেরে সিরিজ হেরে গেছি। কিন্তু আমাদের এখন লক্ষ্য শেষ ম্যাচটিতে ভালোভাবে ঘুরে দাঁড়ানো এবং প্রমাণ করা আমরা যে ভালো দল।’

টানা খেলার মধ্যে থাকলেও ক্রিকেটাররা ক্লান্তিতে ভেঙে পড়ছেন না বলে দাবি সৌম্যর। টানা ১০ ওয়ানডেতে হাফ সেঞ্চুরি করতে ব্যর্থ হওয়া এই ওপেনার গতকাল বলেছেন, ‘আমাদের কাজটা আসলে খেলা। আমরা খেলতেই এসেছি। ব্যক্তিগতভাবে কেউ ক্লান্তিতে আছে কি না আমি জানি না। তবে আমার কাছে মনে হয় দলের সঙ্গে আমি যখন অনুশীলন করেছি কাউকে সেভাবে ক্লান্ত দেখিনি। সবার মধ্যেই একটা ক্ষুধা ছিল ভালো করার।’

বিশ্বকাপে শেষ দুই ম্যাচসহ টানা চার ওয়ানডে হারল বাংলাদেশ। আগামীকাল প্রেমাদাসায় নিজেদের সামর্থ্যের প্রমাণ রাখতে চায় টাইগাররা। স্বাগতিক শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ ম্যাচে অনেক কিছু প্রমাণের টার্গেট সৌম্যর। গতকাল তিনি বলেছেন, ‘আমরা যেভাবে ক্রিকেট খেলছিলাম। শেষ চার ম্যাচ হেরে যে আমাদের সবকিছু পরিবর্তন হয়ে যাবে সেটা কিন্তু না। শেষ ম্যাচে এটা প্রমাণ করার সুযোগ আছে যে আমরা আসলে ওদের থেকে ভালো দল।’