ফরোয়ার্ড গ্যারেথ বেলের চীনা সুপার লিগের দল জিগাংসু সানিং-যাত্রায় বাগড়া দিয়েছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কার মতে, ওয়েলস ফরোয়ার্ডের বড়ো ট্রান্সফার ফি পরিশোধে জিগাংসুর অসম্মতিই মূলত বাধা হয়ে দাঁড়িয়েছে।
গেল সপ্তাহে সাপ্তাহিক প্রায় ১০ কোটি টাকা বেতনে চীনের ক্লাবটিতে যাওয়ার গুঞ্জন শোনা যায় স্প্যানিশ সংবাদমাধ্যমে। যেটি সত্যি হলে বিশ্বের সর্বোচ্চ বেতনভুক্ত খেলোয়াড়ে পরিণত হতেন বেল। কিন্তু খেলোয়াড়টিকে বড়ো অঙ্কের বেতন দিতে রাজি হলেও তার জন্য রিয়ালের চাহিদামতো ফি দিতে রাজি হয়নি জিগাংসু। এতেই আটকে যায় তার দলবদল।
গ্যারেথ বেলকে ছয় মৌসুম আগে ২০১৩ সালে রেকর্ড ১০০ মিলিয়ন ইউরোর বিনিময়ে টটেনহ্যাম হটস্পার থেকে দলে ভিড়িয়েছিল রিয়াল। ধারণা করা হচ্ছে, বেলের জিগাংসু-যাত্রা আটকে দেওয়ার ক্ষেত্রে বড়ো ভূমিকা পালন করেছেন ক্লাবটির সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ, যিনি মনে করেন সস্তায় ছেড়ে দেওয়ার মতো খেলোয়াড় বেল নন। এছাড়াও শেষ ছয় বছরে অনেকবারই ওয়েলস ফরোয়ার্ডের তারিফ করেছেন পেরেজ।
বেলকে আটকানোর পেছনে রিয়াল মাদ্রিদে চোটের মিছিলও বড়ো ভূমিকা রেখেছে বলে মনে করা হচ্ছে। প্রাক মৌসুমের ম্যাচে মার্কো অ্যাসেন্সিও পায়ের চোট নিয়ে প্রায় ২৫ ম্যাচের জন্য মাঠের বাইরে চলে গেছেন। পরে চোটের খড়্গে পড়েছেন দলটিতে নতুন আসা খেলোয়াড় লুকা জভিচও। ফলে বেঞ্চ তো বটেই, মূল দল নিয়েও কিছুটা চিন্তিত রিয়াল।
এর ওপর বেল চীনে চলে গেলে দলটির শক্তিমত্তায় কিছুটা ভাটা পড়তে পারে বলে ধারণা করা হচ্ছিল। এমন ভাবনা থেকেই বেলকে রেখে দিতে চাইছে রিয়াল। একই কারণে বায়ার্ন মিউনিখ থেকে দুই বছর ধারে খেলে ফেরা হামেস রদ্রিগেজের দলবদলও আটকে গেছে বলে ধারণা স্প্যানিশ গণমাধ্যমের।
রিয়াল মাদ্রিদ বেলের জিগাংসুতে যাওয়া আটকে দেওয়ায় খেলোয়াড়টির পরিবারও বেশ বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বলে জানিয়েছে ইংল্যান্ডের দ্য টেলিগ্রাফ।
এ যাত্রায় রিয়ালে থেকে গেলেও কোচ জিনেদিন জিদানের সঙ্গে তার সম্পর্ক বেলের মাঠে নামার ক্ষেত্রেও অন্তরায় হয়ে দাঁড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি খেলোয়াড়টির এজেন্ট জোনাথন বার্নেট জানিয়েছেন যে রিয়াল মাদ্রিদ কোচের সঙ্গে কোনো প্রকারের বোঝাপড়াই নেই বেলের। তিনি বলেন, ‘এটা একেবারেই সহজ ব্যাপার। জিদান তাকে পছন্দ করেন না। তাদের ভেতরে কোনো ধরনের সম্পর্কই নেই। অতীতেও কখনো ছিল না।’
কোচের সঙ্গে বেলের বনিবনা না হওয়া এবং খেলোয়াড়টির রিয়ালে থেকে যাওয়া ভবিষ্যতে আরো নাটকীয় কিছুরই আভাস দিচ্ছে!
