ঢাবির জহুরুল হক হলে ধূমপানে জরিমানা, মাদক সেবনে বহিষ্কার

আপডেট : ২৭ অক্টোবর ২০২৫, ১৬:৩১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে প্রকাশ্যে ধূমপান করলে জরিমানা এবং মাদক সেবন বা সংরক্ষণের প্রমাণ মিললে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার করা হবে বলে ঘোষণা দিয়েছেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফারুক শাহ।

সোমবার (২৭ অক্টোবর) হল প্রশাসন এক নোটিশের মাধ্যমে এই নিষেধাজ্ঞা ঘোষণা করেছে।

নোটিশে বলা হয়, হল প্রাঙ্গণে প্রকাশ্যে ধূমপান করতে দেখা গেলে সরকার প্রচলিত আইন অনুযায়ী সর্বনিম্ন ৫০/- (পঞ্চাশ) টাকা থেকে সর্বোচ্চ ৩০০/- (তিনশত) টাকা পর্যন্ত জরিমানা করা হবে।

এছাড়া ইয়াবা, গাঁজা, হেরোইন বা অন্য কোনো প্রকার মাদকদ্রব্য সেবন বা সংরক্ষণের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে অভিভাবকের উপস্থিতিতে হল থেকে বহিষ্কার করা হবে।

উক্ত সিদ্ধান্তের উদ্দেশ্য হিসাবে উল্লেখ করা হয়, হলের সকল শিক্ষার্থীর জন্য একটি সুস্থ, পরিচ্ছন্ন ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা।

হল প্রাঙ্গণে একটি সুস্থ, নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখার লক্ষে এমন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে উল্লেখ করা হয়।

ইত্তেফাক/এমএএস