রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বহুল প্রতীক্ষিত ছাত্র সংসদ আইন রাষ্ট্রপতির অনুমোদন পেয়েছে। সোমবার (২৭ অক্টোবর) বিকেলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের স্বাক্ষরের মাধ্যমে এ আইনের অনুমোদন দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, আগামীকাল (মঙ্গলবার) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. ইলিয়াস প্রামানিক।
প্রফেসর ড. মোঃ ইলিয়াস প্রামানিক জানান, সোমবার বিকেলে রাষ্ট্রপতি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ আইন অনুমোদন করেছেন। আগামীকাল প্রজ্ঞাপন জারি করা হবে। এখন আমাদের ছাত্র সংসদ নির্বাচন করতে কোনো বাধা নেই।
রাষ্ট্রপতির অনুমোদনের খবরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা দিয়েছে। শিক্ষার্থীরা বলছেন, এই অনুমোদনের মাধ্যমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক চর্চার নতুন দ্বার উন্মোচিত হলো।
প্রতিষ্ঠার ১৭ বছর পেরিয়ে গেলেও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কোনো ছাত্র সংসদ গঠিত হয়নি। এ কারণে শিক্ষার্থীরা গত কয়েক বছরে একাধিকবার ছাত্র সংসদ নির্বাচন, আইন প্রণয়ন ও রোডম্যাপ বাস্তবায়নের দাবিতে আন্দোলন, সংবাদ সম্মেলন, অবস্থান কর্মসূচি এবং আমরণ অনশন কর্মসূচি পালন করেছে।

