এনজিও’র ঋণে কেনা গরু নিয়ে গেল চোর, দিশেহারা বৃদ্ধ জরিনা

আপডেট : ২৯ অক্টোবর ২০২৫, ০১:৩৬

এনজিও থেকে ঋণ নিয়ে একটি গাভী গরু কেনেন বৃদ্ধ জরিনা বেগম। সেই গাভীর দুধ বিক্রি করে চালাতেন ৪ সদস্যের সংসার এবং এনজিওর কিস্তির টাকা পরিশোধ করতেন। গোয়াল থেকে গভীর রাতে সেই গাভীটিসহ দুটি গরু নিয়ে গেছে চোর। উপার্জনের শেষ সম্বল চুরি হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন জরিনা বেগম। 

সোমবার (২৭ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে নাটোরের নলডাঙ্গা উপজেলার মির্জাপুরদীঘা গ্রামে অবস্থিত জরিনা বেগমের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।

ভুক্তভোগী জরিনা বেগম জানান, সোমবার সন্ধ্যায় রাতের খাবার খেয়ে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। রাত ১টায় দরজার পাশে শব্দ শুনে জেগে উঠেন তিনি। বাইরে বের হলে চোররা পালিয়ে যায়। গোয়াল ঘরে গরু দেখে আবার ঘুমিয়ে পড়েন তিনি। পরে সকালে ঘুম থেকে উঠে দেখেন তার গোয়ালঘর শূন্য, নেই দুটি গরু। 

উপার্জনের শেষ সম্বল দুটি হারিয়ে কান্নায় ভেঙে পড়েন জরিনা বেগম। তিনি বলেন, আমার উপার্জনের শেষ সম্বল চোর চুরি করে নিয়ে গেছে। এখন কিস্তির টাকা কীভাবে দেব আর পরিবারের খরচইবা চালাবো কীভাবে। 

প্রতিবেশী আশিকুর রহমান জানান, জরিনা বেগমের পরিবার খুবই অসহায়। গাভীর দুধ বিক্রির টাকায় তাদের সংসার চলতো। গরু চুরি হওয়ায় পরিবারটি দিশেহারা হয়ে পড়েছে। 

বিপ্রবেলঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী বলেন, চুরির বিষয়টি জেনেছি। বিষয়টি খুবই দুঃখজনক। পরিবারটি খুবই অসহায়। 

নলডাঙ্গা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

ইত্তেফাক/এসএএস