ফরিদপুরে বোয়ালমারী উপজেলা বিএনপি এবং পৌর বিএনপির ঘোষিত কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। এসময় সড়কের দুপাশে যানচলাচল বন্ধ হয়ে দুর্ভোগ সৃষ্টি হয়।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১০টা থেকে বাজারের প্রধান সড়ক ওয়াবদার মোড়ে বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা অবস্থান নেন। এরপর দুপুর ১টা পর্যন্ত সড়কে টায়ার জ্বালিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তাদের। সড়কের দুপাশে বন্ধ হয়ে পড়ে যানবাহন চলাচল। এতে দুর্ভোগের পড়েন চলাচলকারীরা।
বিক্ষোভ চলাকালে বিক্ষুব্ধ নেতাকর্মীরা জানান, নতুন কমিটিতে আওয়ামী লীগ এবং যুবলীগ কর্মীদের নেওয়া হয়েছে। বিএনপি ও অঙ্গ সংগঠনের অনেক নেতাকর্মী বাদ পড়েছেন। অচিরেই এই কমিটি বাতিল না করলে বৃহত্তর আন্দোলন করে তোলা হবে।
শেখর ইয়নিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা রইসুল ইসলাম পলাশ বলেন, সদ্য কমিটিতে আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীদের নেওয়া হয়েছে। এই কমিটি বাতিল না করা পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।
বোলারমারী থানার ওসি মাহমুদুল হাসান বলেন, বিএনপির নেতাকর্মীরা সকাল থেকে বিক্ষোভ করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। পরে দুপুর ১টার দিকে তারা সড়ক থেকে সরে গেছে। বিক্ষোভ চলাকালে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
এর আগে গত ২৩ অক্টোবর বোয়ালমারী উপজেলা বিএনপি এবং পৌর বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয় ফরিদপুর জেলা কমিটি। এই কমিটি প্রকাশিত হওয়ার পর থেকে মনোনয়ন প্রত্যাশী শামসুদ্দিন মিয়ার পক্ষের নেতাকর্মীরা বিক্ষোভ শুরু করেন। অন্যদিকে সাবেক এমপি খন্দকার নাসরুল ইসলামের সমর্থকরা আনন্দ মিছিল বের করে।
সদ্য ঘোষিত উপজেলা বিএনপির কমিটিতে সভাপতি করা হয়েছে অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে ও সাধারণ সম্পাদক করা হয়েছে সঞ্জয় সাহাকে। পৌর কমিটির সভাপতি করা হয় আব্দুল কুদ্দুসকে এবং সাধারণ সম্পাদক করা হয় মো. ইমরান হোসেনকে।
