কোটালীপাড়ায় দুই ব্যক্তির লাশ উদ্ধার

আপডেট : ৩০ জুলাই ২০১৯, ১৫:৪৩

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সীতাইকুন্ড খাল থেকে সাহেব আলী (৮০) এবং পিত্তলপাড়া বিল থেকে হাফিজ হাওলাদার (৫০) নামে দুই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার সীতাইকুন্ড খাল থেকে সাহেব আলীর লাশ উদ্ধার করে কোটালীপাড়া থানা পুলিশ। নিহত সাহেব আলী সীতাইকুন্ড গ্রামের মৃত কুটি মিয়ার ছেলে।

অন্যদিকে, একই গ্রামের বাসিন্দা হাফিজ হাওলাদার পানিতে পড়ে গিয়ে মারা যান। তিনি মঙ্গলবার সকালে পিত্তলপাড়া বিলে মাছ ধরতে গিয়েছিলেন। নৌকা থেকে পড়ে গিয়ে তিনি পানিতে তলিয়ে যান। পরে তাকে লোকজন মৃত উদ্ধার করে।

কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান বলেন, ‘স্থানীয়রা সীতাইকুন্ড ব্রিজের নীচের খালে বৃদ্ধ সাহেব আলীর লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। সাহেব আলী ভিক্ষাবৃত্তি করতেন।’

আরও পড়ুন: ১ আগস্ট থেকে সব সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা

তিনি আরো বলেন, ‘পানিতে পড়ে গিয়ে মারা যাওয়া হাফিজ হাওলাদার একজন মৃগী রোগী ছিলেন।’

ইত্তেফাক/নূহু