সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেই ডেঙ্গু জ্বর শনাক্ত ও পরীক্ষা করার ব্যবস্থা। এতে করে অনেক রোগী ভোগান্তির স্বীকার হচ্ছেন। জানা যায়, প্রতিদিন প্রায় ২শ রোগী বিভিন্ন সমস্যা নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেন। এর মধ্যে অনেকেই আসেন জ্বর নিয়ে। কিন্তু ডেঙ্গু জ্বর পরীক্ষা করার জন্য এনএসওয়ান, এ্যান্টিবডি আইজিএম, এইচসিটি এবং সিবিসি কমপ্লিট ব্লাড কাউন্ট পরীক্ষার কোনটিই হয়না উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তাছাড়া ডেঙ্গু জ্বর শনাক্ত ও পরীক্ষার জন্য এমটি ল্যাবও নাই এই হাসপাতালে।
উপজেলায় সরকারি হাসপাতালসহ বেসরকারি কোন ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারেও নেই ডেঙ্গু জ্বর পরীক্ষা করার কোন ব্যবস্থা। এতে করে রোগীদের জেলা সদর হাসপাতালসহ জেলা সদরের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে গিয়ে পরীক্ষা করতে হচ্ছে। ফলে রোগীদের ভোগান্তি চরমে পৌঁছেছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জ্বর নিয়ে আসা কয়েকজন রোগী বলেন, ‘আমরা জ্বর নিয়ে এই হাসপাতালে এসেছি ডেঙ্গু জ্বর হয়েছে কি না পরীক্ষা করার জন্য। কিন্তু এখানে ডেঙ্গু জ্বরের কোন পরীক্ষাই হয় না। আমাদের এখন বাধ্য হয়ে সিরাজগঞ্জ সদর হাসপাতালে যেতে হচ্ছে’।
আরও পড়ুন: রাজবাড়ীতে ট্রাক চাপায় দুইজন নিহত
এ বিষয়ে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ফারুক হোসেন বলেন, ‘ডেঙ্গু জ্বর পরীক্ষা করার বিষয়ে সিভিল সার্জন অফিসে কথা বলেছি। তারা জানিয়েছেন কোন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মনে হলে আপাতত জেলা সদর হাসপাতালে পাঠাতে বলা হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু জ্বর পরীক্ষা করার ব্যবস্থা করা যায় কি না সে বিষয়ে উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
ইত্তেফাক/নূহু

