স্কুলছাত্রীকে যৌন হয়রানি করা যুবকের ১০ মাস ১০ দিনের কারাদণ্ড

আপডেট : ৩০ জুলাই ২০১৯, ১৭:৪৪

কুমিল্লার চান্দিনায় অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে যৌন হয়রানি করার অভিযোগে মো. সুমন (২১) নামে এক বখাটে যুবককে ১০ মাস ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকাল ৯টায় চান্দিনা উপজেলার ভোমরকান্দি গ্রামে যৌন হয়রানির ঘটনা ঘটে। দুপুরে অভিযোগের সত্যতার প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার এসএম জাকারিয়া এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত যুবক মো. সুমন মিয়া জেলার বরুড়া উপজেলার ইটাখোলা গ্রামের জসিম উদ্দিনের ছেলে। সে পেশায় নির্মাণ শ্রমিক। ভুক্তভোগী স্কুলছাত্রী একই গ্রামের বাসিন্দা। সে চান্দিনা উপজেলার ভোমরকান্দি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী।

স্থানীয়রা জানায়, ভোমরকান্দি উচ্চ বিদ্যালয়টি চান্দিনা উপজেলায় এবং ইটাখোলা গ্রামটি বরুড়া উপজেলার সীমান্তবর্তী এলাকায়। ওই এলাকার অনেক শিক্ষার্থী ভোমরকান্দি উচ্চ বিদ্যালয়ে পড়ালেখা করে।

মঙ্গলবার সকালে ওই স্কুলছাত্রী বাড়ি থেকে বের হয়ে স্কুলে যাচ্ছিলো। পথে ভোমরকান্দি এলাকায় ফাঁকা এক স্থানে ওই স্কুলছাত্রীকে মুখ চেপে ধরে শ্লীলতাহানির চেষ্টা করে। ধস্তাধস্তির এক পর্যায়ে ওই স্কুল ছাত্রীর চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে আসে। তারা ওই যুবককে ঘটনাস্থলেই আটক করে।

এরপর ভ্রাম্যমাণ আদালত ওই যুবককে কারাদণ্ড দেন। আদালত পরিচালনার সময় চান্দিনা থানার উপ-পরিদর্শক (এস.আই) মো. হারুনসহ পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: গৌরীপুরের ১১ গ্রামে ব্রহ্মপুত্রের ভাঙন

১০মাস ১০দিন কারাদণ্ডকে সাদুবাদ জানিয়েছেন ভোরমকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র মজুমদার। তিনি বলেন, ‘নারী হচ্ছে মায়ের জাতি। যে মায়ের গর্ভে ১০ মাস ১০দিন বেড়ে উঠে ভূমিষ্ট হয় সন্তান। আর ১০ মাস ১০দিন কারাদণ্ড দিয়ে নারীর অধিকার ও মা জাতির সম্মান বাড়িয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ রায়ে শুধুমাত্র স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরাই নয় এলাকাবাসীও ধন্যবাদ জানাচ্ছে ভ্রাম্যমাণ আদালতকে।’

ইত্তেফাক/নূহু