গল্প-আড্ডায় অআকখ’র সাহিত্য পাঠ

আপডেট : ০১ নভেম্বর ২০২৫, ২০:১৮

গল্পের পিঠে গল্প দিয়ে গড়ে উঠেছে গোটা দুনিয়া। যত ভালো গল্প তত ভালো পৃথিবী। সাহিত্যকে গণমানুষের কাছে পৌঁছে দিতে এবং ভালো গল্পগুলো ছড়িয়ে দিতে অআকখ নিয়মিত আয়োজন করে চলেছে পাঠচক্র। যেখানে তরুণ পাঠক থেকে শুরু করে প্রবীণ পাঠক; সব বয়সের অংশগ্রহণে জমে উঠে আড্ডা। গল্প আড্ডায় এই পাঠচক্র এখন পরিণত হয়েছে প্রাণের মিলনমেলায়। যেখানে আলোচনায় উঠে আসে সাহিত্য, সমাজ, দর্শন ও জীবনের নানা রূপ। গল্প আড্ডায় বিভিন্ন বইয়ের আলোচনার মাধ্যমে তৈরি হয় নাগরিক সচেতনতা। 

২০২২ সালের ডিসেম্বরে সংগঠনের যাত্রা শুরু। শুরুর সময় থেকে সংগঠনটি পাঠচক্রের প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় প্রতি মাসে সবুজ ঘাসে বসে তারা একত্রিত হয়, নির্ধারিত বিষয়ে শুরু হয় গল্প-আড্ডা-তর্ক। সাহিত্যপ্রেমী পাঠকদের মিলনে পাঠচক্রগুলো হয়ে উঠেছে জীবন্ত সাহিত্য-আড্ডা। বিকেলের আলো যখন নরম হয়ে আসে, তখনো চলতে থাকে মতবিনিময়, বিতর্ক আর ভাবনার অবারিত পথচলা। শেষে উপহার হিসেবে হাতে তুলে দেওয়া হয় বই।

পাঠচক্র কেবল বই পড়ার অভ্যাসই বাড়ায় না। এটি মানুষকে সমাজ সম্পর্কে সচেতন করে, নাগরিক দায়িত্ববোধ জাগায় এবং আদর্শ মানুষ হয়ে ওঠার অনুপ্রেরণা দেয়। প্রতি মাসের নিদিষ্ট শুক্রবার রমনার সবুজ ঘাসে বসে পাঠচক্র আয়োজন করে তরুণ বইপড়ুয়া এই দলটি। গত শুক্রবার (৩১ অক্টোবর) তাদের আয়োজন ছিল কবিতা নিয়ে। একজন মানুষের প্রিয় কবিতা কেন প্রিয় হয়ে উঠে, সেই কবিতার দর্শন কী—সবকিছু নিয়ে আলোচনা হয়েছিলো সেই আড্ডায়।

দেশের বিভিন্ন জায়গা থেকে অনেকে এখন অআকখ-এর সঙ্গে যুক্ত হয়ে নিজেদের এলাকাতেও এমন পাঠচক্র আয়োজনের আগ্রহ জানাচ্ছেন। কিন্তু সীমিত সামর্থ্যের কারণে এই স্বপ্নকে আরও বিস্তৃত করতে প্রয়োজন সরকারি ও বেসরকারি সহযোগিতা।

অআকখ’র স্বপ্ন দেশজুড়ে ছড়িয়ে যাক ভালো গল্প, সাহিত্য হোক সবার। আগামীর বাংলাদেশের রূপরেখা তৈরি হোক সাহিত্যের মাধ্যমে। 

 
ইত্তেফাক/এসএএস