সমবায় আন্দোলন একটি প্রায়োগিক এবং মানবিক আন্দোলন। যা অর্ন্তভ‚ক্তিমূলক টেকসই সমাধানের চালিকাশক্তি। অথচ এই শক্তিশালি প্ল্যাটফরমটির অবস্থান অর্থনীতির বহিরাঙ্গেই রয়ে গেল। ট্রাডিশনাল ব্যুরোক্রাসি দিয়ে নয়, সমবায়কে সম্মিলিতভাবে এগিয়ে নিতে হবে।
গতকাল শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে ৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে সমবায় অধিদপ্তরের প্রধান কার্যালয়ে ‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ শীর্ষক আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
এ উপলক্ষ্যে সকালে সমবায় অধিদপ্তর প্রাঙ্গণে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব (রুটিন দায়িত্ব) মো: ইসমাইল হোসেন। এ সময় বিশেষ অতিথি ছিলেন সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক মুনিমা হাফিজ, সমবায় অধিদপ্তরের অতিরিক্ত নিবন্ধক আহসান কবির।
স্বাগত বক্তব্য দেন বিসিএস (সমবায়) এসোসিয়েশনের সভাপতি কাজী মেসবাহ উদ্দিন আহমেদ। আরো বক্তব্য দেন সফল উদ্যোক্তা অন্বেষা বহুমুখি সমবায় সমিতির সভাপতি হুমায়ুন কবির ও বারিধারা মহিলা সমবায় সমিতির পরিচালক মোসাম্মৎ আকলিমা বেগম। এ সময় দেশে সমবায় খাতের অগ্রগতি ও সাফল্য তুলে ধরে একটি তথ্যবহুল ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো: ইসমাইল হোসেন বলেন, সমবায় আন্দোলন হল সম্মিলিত প্রচেষ্টা ও অর্থনৈতিক মুক্তির শক্তিশালী হাতিয়ার। দেশের প্রতিটি মানুষের কাছে সমবায়ের সুফল পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর।
তিনি দেশের আর্থ-সামাজিক উন্নয়নে সমবায়ীদের অবদানের প্রশংসা করেন। জনগণের অংশগ্রহণ ও স্বচ্ছ ব্যবস্থাপনার মাধ্যমে সমবায় আন্দোলনকে আরও বেগবান করার বিষয়েও গুরুত্বারোপ করেন। সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক মুনিমা হাফিজ বলেন, বাংলাদেশের মতো একটি জনবহুল দেশে টেকসই উন্নয়ণ ও সমৃদ্ধ রাষ্ট্র বিনির্মাণে সমবায়ই হতে পারে সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। প্রতিটি নাগরিকের মর্যাদা সমতা ও উন্নয়ণের নিশ্চয়তায় সমবায় গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করে।
ট্রাডিশনাল ব্যুরোক্রাসি দিয়ে নয়, সমবায়কে সম্মিলিতভাবে এগিয়ে নিতে হবে উল্লেখ করে কাজী মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ১৯০৪ সালে এই
আন্দোলন যাত্রা শুরু করে কো অপারেটিভ অ্যাক্টের মাধ্যমে। এই শক্তিশালি প্ল্যাটফরমটি অবস্থান অর্থনীতির বহিরাঙ্গেই রয়ে গেল। মূলধারায় আসতে হলে সরকারের কাছে এর সাফল্য এবং ব্যর্থতা তুলে ধরতে হবে।
