নাটোরে দোকানের শাটার ভেঙ্গে ১৫০ বস্তা চাল চুরি

আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ১৫:০৩

নাটোরে মহাসড়কের পাশে ট্রাক ভিড়িয়ে একটি দোকানের শাটার ভেঙ্গে ১৫০ বস্তা চাল চুরির ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার মধ্যরাতে নাটোর-বগুড়া মহাসড়কের ফুলবাগান এলাকায় এ ঘটনা ঘটে। নাটোর সদর থানার ওসি মাহাবুর রহমান এই তথ্য নিশ্চিত করেন। এই ঘটনায় চোরেরা নগদ ১২ হাজার টাকা নিয়ে গেছে বলে জানান তিনি। 

ফুলবাগান এলাকার ব্যবসায়ী সেলিম ভূঁইয়া বলেন, রাত আড়াইটার দিকে ৬-৭ জনের একটি দল দোকানের সামনে ট্রাক ভিড়িয়ে শাটার ভেঙে ১শ ৫০ বস্তা ২৫ কেজির মিনিকেট চাল চুরি করে নিয়ে যায়। প্রতি বস্তার দাম ছিল ১৮০০ টাকা। এতে প্রায় দুই লাখ ৭০ হাজার টাকার চাল এবং নগদ ১২ হাজার টাকা চুরি হয়ে গেছে। ফজরের নামাজের পরে একজন পরিচিত ব্যক্তি আমাকে বিষয়টি জানান।

ফুলবাগান এলাকার বাসিন্দা আব্দুল মোতালেব, মোহসিন আলিসহ আরও কয়েকজন জানান, নাটোরের সুগার মিলে ডাকাতি, কোর্টে চুরি-ডাকাতির পর এই ধরনের ঘটনা থামছে না। মহাসড়কের পাশে দিনের আলো মত বাতি জ্বললেও ট্রাক ভিড়িয়ে চুরি মানে আইনশৃঙ্খলার ব্যাপক অবনতি। এমন এলাকায় জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ উচ্চপদস্থ কর্মকর্তাদের বাসভবন থাকলেও সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?

তবে এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার কথা প্রতিশ্রুতি দিয়েছেন ওসি মাহাবুর রহমান। তিনি বলেন, পুলিশের একধিক দল চোরদের গ্রেপ্তার করতে মাঠে কাজ করছে। পাশাপাশি এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ইত্তেফাক/এএইচপি