‘জুভেন্তাস চ্যাম্পিয়ন্স লিগ জিতবে’

আপডেট : ৩০ জুলাই ২০১৯, ২১:০৬

 

স্পোর্টস ডেস্ক

ক্রিশ্চিয়ানো রোনালদো মাদ্রিদ ছাড়লেও, মাদ্রিদ তাকে ছাড়তে পারেনি এখনো! গত সোমবার মাদ্রিদের ক্রীড়া দৈনিক মার্কা রিয়াল মাদ্রিদের হয়ে ৪৩৮ ম্যাচে ৪৫১ গোল করা রোনালদোকে ‘মার্কা লিজেন্ড’ পুরস্কারে ভূষিত করেছে। পুরস্কারটি নিতে মাদ্রিদে এসে পত্রিকাটিকে দেওয়া সাক্ষাত্কারে রোনালদো রিয়ালে তার অতীত, জুভেন্তাস-যাত্রা ও বার্সেলোনা প্রসঙ্গে কথা বলেন। সাক্ষাত্কারটির চুম্বকাংশ পাঠকদের জন্য তুলে ধরা হলো।

ক্যারিয়ারে আপনি প্রায় সবকিছুই জিতেছেন। নিজের এমন অর্জনে আপনি কি সন্তুষ্ট?

শেষ বছরে আমি মাদ্রিদ ছেড়েছিলাম। আমি যা জিতেছিলাম তার পর আমার আরো অনুপ্রেরণার প্রয়োজন ছিল। নিজেকে ফুটবলার হিসেবে আরো বেশি প্রকাশ করার জন্য একটা পরিবর্তন দরকার ছিল আমার। কেননা আমি মনে করি, আমার এখনো অনেক কিছু দেয়ার আছে।

মাউরিজিও সারি বলেছেন, মাঠে পর্যাপ্ত স্বাধীনতা দেওয়া হবে আপনাকে। আপনার কি মনে হয়?

এটা খেলার একটা মাধ্যম। কিন্তু অবশ্যই এটাই একমাত্র ব্যাপার নয়, কেননা দলই সবচেয়ে গুরুত্বপূর্ণ। দলে আমার কাজটা হচ্ছে ফাঁকা জায়গার দখল নেয়া এবং রক্ষণে সহায়তা করা। মাদ্রিদে থাকার সময় যা করেছি এবং জুভেন্তাসে শেষ বছরে যা করেছি তাই করব আমি।

একবার আপনি বলেছিলেন ৪০ বছর পর্যন্ত খেলবেন। এখনো কি এমন মনে করেন?

এ নিয়ে তেমন ভাবিনি আমি। এটা নির্ভর করবে আমি কেমন অনুভব করি এবং আমার অনুপ্রেরণার উপর। কেননা শারীরিকভাবে এটা কোনো সমস্যা হবে বলে মনে করি না। আমি আশা করব ৪০ বছর বয়স পর্যন্ত কোনো অঘটন ঘটবে না। ঘটলেও কিছু করার নেই, জীবন এমনই। সবকিছুরই একটা শুরু আর শেষ আছে।

এটা কি জুভেন্তাসের বছর হবে?

প্রত্যেকটা বছরই জুভেন্তাস, রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার বছর। কিন্তু শুধু একটা দলই চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারে। বার্সেলোনার কথাই ধরুন। শেষ পাঁচ বছরে অনেক টাকা খরচ করেছে কিন্তু এটা জিততে পারেনি। এটা এভাবে হয় না। জুভেন্তাসও দারুণ দল সাজিয়েছে এবং এরা এমন দল যারা জেতার জন্য লড়ে যায়। কিন্তু অনেক ব্যাপার থাকে এখানে। জুভেন্তাস চ্যাম্পিয়ন্স লিগ জিতবে এটা এ বছর না হোক পরের বছর আশা করি হবে। জেতার সব ধরনের রসদ তাদের আছে।

মাদ্রিদের শূন্যতা অনুভব করেন?

এখানে নয় বছর কাটিয়েছি। মাদ্রিদ আমার জীবনের অনেক বড় একটা অংশ। আমার সন্তানরা এখানে জন্ম নিয়েছে। এখানে আমি আমার জীবনসঙ্গীনির দেখা পেয়েছি। অনেক গল্প আছে এখানে যেটা মুছে ফেলা সম্ভব নয়। এ কারণেই এখনো মাদ্রিদে আমার বাড়িটা আছে এবং এখানে প্রায়ই আসি আমি। এটা এমন এক শহর যাকে আমি সবসময়ই ভালোবাসব এবং এখানে একটা সময় স্থায়ী হবার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছি না।

বার্সেলোনাকে কেমন দেখেন?

প্রতি বছরই তারা বেশ শক্তিশালী দল গড়ে। এবার তারা ফ্র্যাঙ্কি ডি ইয়ং, আন্তনিও গ্রিজমানকে দলে এনেছে। তারা বিশ্বের অন্যতম সেরা দল। যেমন এডেন হ্যাজার্ড, লুকা জভিচ কে নিয়ে রিয়াল মাদ্রিদ। কিন্তু জুভেন্তাসও এই দলে আছে।

কখনো কি মাদ্রিদে স্থায়ী হবার সম্ভাবনা আছে আপনার?

অবশ্যই, যেমনটা আমি আগে বলেছিলাম। এটা এমন এক শহর যাকে আমি ভালোবাসি। এবং এই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না।