স্পোর্টস ডেস্ক
নিজের ক্যারিয়ার নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়া গ্যারেথ বেল রিয়াল মাদ্রিদের হয়ে অডি কাপ খেলতে জার্মানি যাননি। এর ফলে ওয়েলশ ফুটবলারটিকে ঘিরে অনিশ্চয়তা আরো বাড়লো। বর্তমান চুক্তি অনুযায়ী মাদ্রিদে বেল এর আরো তিন বছর খেলার কথা।
কোচ জিনেদিন জিদান যে দলটিকে নিয়ে জার্মানি গেছেন, তাতে নেই গোলরক্ষক থিবো কোর্তোয়াও। গোড়ালির ইনজুরির কারণে আগামী এক মাস মাঠের বাইরে কাটাতে হবে তাকে। অডি কাপে গতকালই টটেনহ্যাম হটস্পারের সাথে খেলা ছিল রিয়ালের। এরপর মিউনিখের অ্যালিয়াঞ্জ অ্যারিনায় তাদের খেলার কথা হয় বায়ার্ন মিউনিখ নয়তো ফেনেরবাখের সাথে।
এরকম একটা সফরে বেল না যাওয়ায় ফরোয়ার্ডটিকে নিয়ে জল্পনা থামছে না। বলা হচ্ছে চীনের সুপার লিগের দল জিয়াংসু সানিং তাকে নেওয়ার জন্য প্রস্তাব দিলেও রিয়াল মাদ্রিদ তা আটকে দেওয়ায় ফরোয়ার্ডটি এখন খেলার মতো মানসিক অবস্থায় নেই।
মূলত বেল এর জন্য রিয়ালকে ট্রান্সফার ফি পরিশোধে জিয়াংসুর অসম্মতিই বাঁধা হয়ে দাঁড়ায়। অথচ গত সপ্তাহে জিদান বলেছিলেন ৩০ বছর বয়সি খেলোয়াড়টি ‘চলে যাওয়া খুবই সন্নিকটে’। ফরাসি এই কোচ আরো বলেছিলেন বেল এর বিদায় ‘সবার ভালোর জন্যই’।
চীনের ক্লাবটি তার জন্য বাংলাদেশি মুদ্রায় সাপ্তাহিক প্রায় ১০ কোটি টাকা বেতন দিতে চেয়েছিল। এখন অবশ্য সে প্রস্তাবটিও আর নেই। কারণ জিয়াংসু ইতিমধ্যে ক্রোয়েশিয় খেলোয়াড় ইভান সানতিনিকে নিয়ে বেল এর জন্য দুয়ার বন্ধ করে দিয়েছে।
এখন বেল এর জন্য উপায় হতে পারে দুটি। একটি হলো চীনের অন্য কোনো ক্লাব যারা রিয়ালকে সন্তুষ্ট করতে পারবে। অপরটি হলো ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরে যাওয়া। প্রিমিয়ার লিগে ফিরতে হলে অবশ্য নয়দিনের মধ্যেই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
কিন্তু তার পুরনো ক্লাব টটেনহ্যামের দেওয়া প্রস্তাবে কোনো অগ্রগতি নেই। কারণ বেল এর উচ্চ বেতন। এই বেতনে টটেনহ্যাম বেলকে নিতে পারবে না। বেল এর পুরনো এক স্বপ্ন হলো কোনো একদিন ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা। সেটাও একটা বিকল্প হতে পারে। কেননা রিয়াল সহসাই পল পগবার ব্যাপারে ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে কথা বলবে।
গ্যারেথ বেলকে ছয় মৌসুম আগে ২০১৩ সালে রেকর্ড ১০০ মিলিয়ন ইউরোর বিনিময়ে টটেনহ্যাম হটস্পার থেকে দলে ভিড়িয়েছিল রিয়াল।
