‘বঙ্গবন্ধুর সোনার বাংলার আধুনিক রূপই হলো ডিজিটাল বাংলাদেশ’

আপডেট : ৩০ জুলাই ২০১৯, ২১:০৯

মাহবুব শরীফ

 

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, শ্রম নির্ভর অর্থনীতি থেকে দেশকে প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালে ডিজিটাল বাংলাদেশের ঘোষণা করেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার আধুনিক রূপ হচ্ছে ডিজিটাল বাংলাদেশ উল্লেখ করে তিনি বলেন, বঙ্গবন্ধু স্বপ্ন বাস্তবায়নে প্রযুক্তি জ্ঞানসম্পন্ন সোনার মানুষ গড়ে তুলতে হবে।

প্রতিমন্ত্রী সম্প্রতি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনেই জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।

উক্ত সভায় ইউনিয়ন পর্যায়ে সুলভ মূল্যে উচ্চ গতিসম্পন্ন ফাইবার অপটিক্যাল ব্রডব্যান্ড সংযোগ পৌঁছে দেওয়া, শেখ রাসেল ডিজিটাল ল্যাবের কার্যক্রমগুলো আরো সচল করাসহ সরকারের ডিজিটাল সেবা গণমুখী করা এবং ডিজিটাল প্ল্যাটফরমে গুজব প্রতিরোধে সচেতনতা তৈরির লক্ষ্যে ময়মনসিংহ জেলা প্রশাসন, জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, শেখ রাসেল ডিজিটাল ল্যাব ও ভাষা প্রশিক্ষণ ল্যাব-এর আইসিটি ও কম্পিউটার শিক্ষক, আইসিটি বিভাগ কর্তৃক বাস্তবায়িত ইনফো সরকার প্রকল্প (ফেইজ-৩) এর সংশ্লিষ্ট কর্মকর্তা ও ইউডিসি-এর উদ্যোক্তার সঙ্গে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

আইসিটি প্রতিমন্ত্রী বলেন, উন্নত ও আধুনিক ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের আইসিটি শিক্ষায় শিক্ষিত করে তোলার লক্ষ্যে সজীব ওয়াজেদ-এর তত্ত্বাবধানে আমরা কাজ করে যাচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন উল্লেখ করে তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ ঘোষণার পূর্বে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল ৫০ লাখ, বর্তমানে সাড়ে ৯ কোটি । ৯৯ শতাংশ মানুষের ঘরে বিদ্যুত্ পৌঁছে গেছে। তিনি ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকারের বিভিন্ন অগ্রগতি ও কর্মসূচি  তুলে ধরেন। 

জেলা প্রশাসক মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, সংসদ সদস্য  মোসলেম উদ্দিন, মনিরা সুলতানা মনি এবং বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান, ইনফো সরকার প্রকল্প ফেইজ-৩ এর প্রকল্প পরিচালক বিকর্ণ কুমার ঘোষ।