দায়িত্ব গ্রহণের আগেই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ব্রাকসু) প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন প্রফেসর ড. ফেরদৌস রহমান।
বুধবার (৫ নভেম্বর) রাতে ড. ফেরদৌস রহমান নিজেই পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।
এ বিষয়ে ড. ফেরদৌস রহমান বলেন, আমি চাপ নিতে পারব না। আমি গত কালকেই অপারগতার কথা জানিয়েছি। এর আগে আমার বিভাগীয় প্রধানের দায়িত্ব শেষ হওয়ার এক বছর আগেই আমি দায়িত্ব ছেড়ে দিই।
এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হারুন অর রশিদ বলেন, কেউ কমিশনে থাকতে চান না। তবে ভিসি স্যার আশা করি সবাইকে রাজি করাবেন।
উল্লেখ্য, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ১১৬তম জরুরি সিন্ডিকেট সভা ৬ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। অন্যান্য সহকারী নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন পরিসংখ্যান বিভাগের প্রফেসর ড. মো. শাহজামান, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহসীনা আহসান, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. প্রদীপ কুমার সরকার এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. হাসান আলী।

