আবারও পেছালো ব্রাকসু নির্বাচন

আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ২০:২২

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদের নির্বাচন আবারও পিছিয়ে দেওয়া হয়েছে। সংশোধিত তফসিল অনুযায়ী, আগামী ২১ জানুয়ারির পরিবর্তে নির্বাচন অনুষ্ঠিত হবে ২৫ ফেব্রুয়ারি।

সোমবার (১২ জানুয়ারি) বিকেলে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক মাসুদ রানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঘোষিত নতুন পঞ্চম তফসিল অনুযায়ী, ১৩ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ১৪ ও ১৫ জানুয়ারি মনোনয়নপত্র বিতরণ ও দাখিল, ১৮ জানুয়ারি মনোনয়নপত্র বাছাই, ১৯ জানুয়ারি বাছাইকৃত প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। ২০ জানুয়ারি প্রাথমিক তালিকা নিয়ে আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি, ২১ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহার এবং ২২ জানুয়ারি প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
২৫ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ শেষে একই দিনে ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে।

এ বিষয়ে ব্রাকসুর প্রধান নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক মাসুদ রানা বলেন, রোববার সর্বসম্মতিক্রমে ২৫ ফেব্রুয়ারি নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে অনুযায়ী সর্বোচ্চ সতর্কতার সঙ্গে তফসিল ঘোষণা করা হয়েছে। এর ব্যত্যয় ঘটার কোনো সুযোগ নেই।

ইত্তেফাক/এপি