পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান আবাসিক ভবনের ছাদে বিধ্বস্ত হয়েছে। এতে পাঁচ ক্রু এবং ১৩ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। দেশটির সেনাবাহিনী ও জরুরি বিভাগের কর্মীরা এ খবর জানিয়েছেন। প্রধানমন্ত্রী ইমরান খান এ ঘটনায় গভীর শোক এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। খবর বিবিসি, ডন ও রয়টার্সের
মঙ্গলবার সকালে নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইট চলাকালে রাওয়ালপিন্ডির মোরা কালুর কাছে বিমানটি বিধ্বস্ত হয়। এতে আরো ২০ বেসামরিক লোক আহত হয়েছেন বলে দেশটির সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে। বিমানটি বিধ্বস্ত হওয়া কারণ সম্পর্কে তাত্ক্ষণিকভাবে কিছু জানায়নি সেনাবাহিনী। যে স্থানে বিমানটি বিধ্বস্ত হয়েছিল সেখানে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। পরে খবর পেয়ে সামরিক বাহিনী ও বেসামরিক উদ্ধারকারী দলগুলো আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতদের হাসপাতালে নিয়ে যায়। উল্লেখ্য, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের নিকটবর্তী শহর রাওয়ালপিন্ডিতেই দেশটির সেনাবাহিনীর সদর দপ্তর। প্রশিক্ষণ বিমানের দুর্ঘটনা এর আগেও সেখানে ঘটেছিল। প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানান, প্রচণ্ড শব্দ শুনে আমি আমার রুম থেকে উঠে যাই। বাইরে চেয়ে দেখি বিমানটিতে আগুন ধরে গেছে। আমি অনেক ভয় পেয়ে যাই। এরপরই বিমানটি কাছের একটি বাড়ির ছাদে বিধ্বস্ত হয়। এত জোরে বিমানটি বিধ্বস্ত হয়েছিল যে আমি অনেকক্ষণ ধরে কোনো কিছু বুঝে উঠতে পারছিলাম না। অন্য আরেকজন ব্যক্তি জানান, বিমানটির লেজের দিকে প্রথমে আগুন ধরে যায়। এর কয়েক সেকেন্ডের মধ্যে তা বিধ্বস্ত হয়ে যায়।
দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান এ ঘটনায় গভীর শোক ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। পাকিস্তান সরকারের এক টুইট বার্তায় এ খবর জানানো হয়েছে।
