ঢাকা জেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেছেন, এখন সারাদেশে ধানের শীষের পক্ষে গণজোয়ার বইছে। বিএনপি ও ধানের শীষের এই জোয়ার দেখে ‘৭১, ‘৭৫’র ৭ নভেম্বর এবং ‘২৪ এর পরাজিত শক্তি নির্বাচন বানচালের ষড়যন্ত্র শুরু করেছে। এই ষড়যন্ত্র মোকাবেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে।
শুক্রবার ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ৫০ বছরপূতি উপলক্ষে শোভাযাত্রাপূর্ব সমাবেশে তিনি এ সব কথা বলেন। ধামরাই উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশ শেষে বিপুল সংখ্যক নেতাকর্মীদের অংশগ্রহনে শোভাযাত্রা বের করা হয়। এতে অংশ নেন বিএনপি নেতা খন্দকার আইয়ুব, অধ্যক্ষ এম এ জলিল,সুনীল সাহা, খুররাম চৌধুরী টুটুল, সাবিনা ইয়াসমিনসহ কয়েক হাজার নেতাকর্মী।

