মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা
মেলান্দহে দেশীয় অস্ত্রসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে মালঞ্চ গোবিন্দগঞ্জ বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো-মেলান্দহ পৌর এলাকার চাকদহ চরপাড়া গ্রামের মেহরাব হোসেন খোকন, সবুজ এবং লিটন।
ওসি তদন্ত আব্দুল মজিদ জানিয়েছেন, গ্রেফতারকৃতদের সঙ্গে চিনিতোলা গ্রামের গোলাম মোস্তফার ছেলে আল আমিনের আর্থিক লেনদেন ছাড়াও অভ্যন্তরীণ কোন্দল চলছিল। এই ক্ষোভে আল আমিনকে হত্যার উদ্দেশে মোটরসাইকেল নিয়ে বের হয়। তারা গোবিন্দগঞ্জ বাজারে পৌঁছলে আরেকটি গাড়িকে ধাক্কা দেয়। এ সময় তাদের কাছে থাকা ব্যাগ থেকে রামদা-চাইনিজ কুড়াল ছিটকে পড়ে। উপস্থিত জনতার চিত্কারে টহল পুলিশও এসে তাদেরকে গ্রেফতার করে।
অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
