শৈলকুপায় গ্রামবাসীর সংঘর্ষে আহত ১৫

আপডেট : ৩০ জুলাই ২০১৯, ২১:২৩

ভ্রাম্যমাণ প্রতিনিধি

শৈলকুপা উপজেলার দোহারো গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের সমর্থক দুই দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। তাদের শৈলকুপা ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকাল ৭টার দিকে এই সংর্ঘষের ঘটনা ঘটে।

শৈলকুপা থানার এসআই অমিত কুমার জানান, হাকিমপুর ইউনিয়নের দোহারো গ্রামের বর্তমান মেম্বার মোশারফ হোসেন মুসা ও সাবেক মেম্বার গোলাম আলী মোরাদের দুটি দল আছে। গ্রামবাসী দুই দলে বিভক্ত হয়ে পড়েছে। আধিপত্য বিস্তার নিয়ে তাদের মধ্যে শত্রুতা চলছিল। মঙ্গলবার সকালে গোলাম আলীর সমর্থক মোহন সর্দার বাড়ির সামনে একটি ঘর তুলতে যান। এসময় মোশারফ হোসেনের সমর্থক তার ভাই ফজল সর্দার বাধা দেন। এ নিয়ে দুই পক্ষ ঢাল, সরকি, রামদা, লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১৫ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। ঐ গ্রামে পুলিশ মোতায়েন আছে।