উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা
উখিয়ায় ছেলে নুরুল আবছার (২৬) ও জাহাঙ্গীর (৩২) দুই ভাইয়ের এলোপাতাড়ি মারধর ও ছুরিকাঘাতে বয়োবৃদ্ধ পিতা আবুল মঞ্জুর (৫৫), তার স্ত্রী আয়েশা খাতুন (৪৭) ও জামাতা রাশেদুল হক (২৫)-সহ ৩ জন আহত হয়েছে। মঙ্গলবার রাত ১০টার দিকে পালংখালী ইউনিয়নের মোছারখোলা গ্রামে এ ঘটনাটি ঘটে। আহত ভগ্নিপতি রাশেদুল হক জানান, আবছার ও জাহাঙ্গীর প্রতিনিয়ত মাদক সেবনের জন্য বসতবাড়ির মালামাল গরু, ছাগল চুরি করে বিক্রি করে দেয়। এ ঘটনার ব্যাপারে জানতে চাইলে অবাধ্য ছেলেরা মা-বাবার উপর চড়াও হয়ে নির্যাতন চালায়। এ ঘটনায় মা আয়েশা খাতুন বাদী হয়ে বুধবার উখিয়া থানায় একটি অভিযোগ করেছেন। উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের জানান, অবাধ্য মাদকসেবী ছেলেদের গ্রেপ্তার করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
গৃহবধূ ধর্ষণের শিকার
এদিকে তেখোলা এলাকায় এক গৃহবধূ (১৯) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগে জানা গেছে। সে স্থানীয় এক দিনমজুরের স্ত্রী। একই এলাকার উসমানের ছেলে শামশুল আলম (২৫) তাকে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগে জানা যায়। সোমবার বিকাল ৫ টার দিকে এ ঘটনাটি ঘটে। এ ব্যাপারে গৃহবধূর স্বামী বাদী হয়ে বুধবার সকালে উখিয়া থানায় একটি এজাহার দায়ের করেছে। উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের জানান, দায়েরকৃত এজাহারটি ধর্ষণ মামলা হিসাবে রুজু করা হয়েছে।
