নোয়াখালীতে দুই হাসপাতালকে জরিমানা, বন্ধ ঘোষণা

আপডেট : ৩০ জুলাই ২০১৯, ২১:২৬

ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী স্কায়ার ডায়াগনস্টিক অ্যান্ড ডক্টরস চেম্বার ও নোয়াখালী ইনসাফ হসপিটালকে ৩০ হাজার টাকা জরিমানাসহ বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে আদালত এই দুই প্রতিষ্ঠানে স্থাপিত ফার্মেসিও বন্ধ করে দেন। সোমবার রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নোয়াখালী জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রোকনুজ্জামান খান এই আদেশ প্রদান করেন। এ সময় আদালতকে সহযোগিতা করেন জেলার সিভিল সার্জন ডা. মামুনুর রহমান ও ড্রাগ সুপার মাসুদুজ্জামানসহ পুলিশ সদস্যরা।

আদালত সূত্রে জানা যায়, শহরের জেনারেল হাসপাতাল সড়কে অবস্থিত এ দুই প্রতিষ্ঠানে সোমবার বিকেল সাড়ে ৫টা থেকে রাত পৌনে ৮টা পর্যন্ত অভিযানকালে নানা অনিয়মের প্রমাণ পাওয়া যায়। নোয়াখালী স্কয়ার ডায়াগনস্টিক অ্যান্ড ডক্টরস চেম্বার সেন্টারে মেয়াদোত্তীর্ণ লাইসেন্স, প্যাথলজি বিভাগে নেই প্যাথলজিস্ট, ল্যাব ট্যাকনেশিয়ান নেই, এক্স-রে করার জন্য রেডিওগ্রাফি নেই, আণবিক শক্তি কমিশনের লাইসেন্স নেই, প্র্রদর্শিত মূল্য তালিকার সাথে গ্রাহককে প্রদেয় রশিদের টাকার পরিমাণে গরমিল, চার বছরের পুরোনো ডাক্তারের নাম ব্যবহার করে ডায়াগনস্টিক চালানো ও নোংরা পরিবেশ এবং ফার্মেসি পরিচালনায় নেই কোনো ফার্মাসিস্ট ও ফার্মেসিতে বিক্রয়ের উদ্দেশ্যে মেয়াদ ওষুধ সংরক্ষণ করা হচ্ছে। এসব অপরাধে আইনের বিভিন্ন ধারা অনুযায়ী ১৫ হাজার টাকা জরিমানা ও হাসপাতালটি বন্ধ ঘোষণা করা হয়। পাশাপাশি এ প্রতিষ্ঠানের লাইসেন্স নবায়ন না করার জন্য সিভিল সার্জনকে অনুরোধ করা হয়।

অন্যটির মধ্যে নোয়াখালী ইনসাফ হসপিটালে নোংরা পরিবেশে ছোট ছোট কক্ষে ভর্তিকৃত রোগীদের রাখা হয়েছে, কোনো নার্স নেই, আয়া নেই, ডাক্তারদের সাথে লিখিত চুক্তি ব্যতীত তাদের নাম ব্যবহার করা হচ্ছে, মূল্য তালিকায় সব সেবার মূল্য উল্লেখ নেই, বিধি অনুযায়ী পর্যাপ্ত চিকিত্সা সরঞ্জাম নেই, অপারেশন থিয়েটারের অবস্থা খুবই নাজুক এবং হসপিটালের ফার্মেসির ড্রাগ লাইসেন্স নেই, ফার্মেসির ফার্মাসিস্ট নেই ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রয়ের উদ্দেশ্যে ফার্মেসিতে প্রদর্শন হচ্ছে। এসব অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা এবং এক মাসের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এ সময়ের মধ্যে নির্দিষ্ট মানে উত্তরণ না হতে পারলে এ হাসপাতাল পরিচালনার লাইসেন্স বাতিল করে স্থায়ীভাবে হসপিটালকে বন্ধ করা হবে।