যেন কোনো কিছুতেই কিছু হচ্ছে না। ২৫ বছর বয়সে একজন মানুষ পরিপূর্ণ যুবক হয়ে ওঠেন। সেখানে পুরোপুরি ব্যতিক্রম বাংলাদেশ ক্রিকেট। ২৫-এ পা দিলেও বিশ্ব মঞ্চে এখনো দুগ্ধ শিশু দেশের ক্রিকেট। এমন বেহাল দশা থেকে মুক্তি পেতে ৯ এবং ১০ নভেম্বর ক্রিকেট কনফারেন্সের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। উদ্দেশ্য ক্রিকেটে বিকেন্দ্রীকরণ, যার কারণে জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংস্থার দায়িত্ব থাকা কর্তাদের নিয়ে বিসিবির এই আয়োজন।
প্রথম দিনে বিসিবির নতুন পরিচালক ও বয়সভিত্তিক ক্রিকেট কমিটির সভাপতি আসিফ আকবরের এক মন্তব্য নিয়ে মুখোমুখি বিসিবি ও বাফুফে। সেখানে ফুটবলারদের ব্যবহার খারাপ এবং দেশের প্রায় সব মাঠে ফুটবলের দখল করে বলে অভিযোগ করেছেন। এছাড়া প্রয়োজনে ফুটবলের সঙ্গে মারপিটও করতে রাজি এই পরিচালক। অথচ শুধু শেষ নয়, গোটা বিশ্বের জনপ্রিয় খেলা ফুটবল। রোববার রাত থেকে তার এমন বেফাঁস মন্তব্য নিয়ে সমালোচনা করে আসছেন ফুটবল সমর্থকরা। এই তালিকায় ছিলেন বর্তমান ও সাবেক ফুটবলাররা এবং কোচরা।
সবার আগে রোববার রাতে আসিফের এমন মন্তব্যের প্রতিবাদ করেন আবাহনীর হেড কোচ মারুফুল হক। তখনো ঘুমিয়ে ছিল বাফুফে। আবাহনী কোচ এক ফেসবুক পোস্টে তিনি লিখেন, 'ওনার স্কুল বা কলেজের পুনর্মিলনী অনুষ্ঠান করেছিলেন স্টেডিয়ামে বিপিএল খেলা বন্ধ করে। একজন মাঠপ্রেমিক হলে স্টেডিয়ামে অন্য অনুষ্ঠান কীভাবে করেন? বাফুফে ফুটবল চালায় চার জেলায়, বাকি ৬০ জেলায় ক্রিকেটের খবর রাখেন কি জনাব?।' দেশের ৬৪ জেলার মধ্যে মাত্র চার জেলাই ফুটবল হয়। কুমিল্লা, মুন্সীগঞ্জ, গাজীপুর ও গোপালগঞ্জে।
এছাড়া গতকাল দুপুরে ফুটবলারদের খেলোয়াড় কল্যাণ সমিতি এক সংবাদ সম্মেলন করে আসিফের এমন মন্তব্যের কঠোর প্রতিবাদ করেছেন। সংস্থাটির সভাপতি ইকবাল হোসেন বলেছেন, 'বিসিবির একজন সম্মানিত পরিচালক ফুটবল সম্পর্কে যে মন্তব্য করছেন, খেলোয়াড় কল্যাণ সমিতির পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বলবো, এ ব্যাপারে যেন অবিলম্বে পদক্ষেপ নেয়।'
এছাড়া জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মামুনুল হক জানিয়েছেন, আসিফ তার এমন মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে। তিনি বলেন, 'উনি (আসিফ) যে মন্তব্য দিয়েছেন সেটা ফিরিয়ে নেওয়া হোক। জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত। ক্ষমা চাওয়ার আগ পর্যন্ত ফুটবলপ্রেমীরা তাকে মেনে নেবে না। ক্রিকেট ভদ্রলোকের খেলা হলেও তিনি ভদ্র ব্যবহার দেখাননি।'
এছাড়া জাতীয় ফুটবলের দলের তারকা ফরোয়ার্ড আল আমিন এক পোস্টে লিখেছেন, ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা। জনাব আসিফ সাহেব যা বলেছেন, সেটি স্পোর্টসের ভাষা নয়। গতকাল বিকালে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে একটি চিঠি পাঠিয়েছে। যেখানে বাফুফে সভাপতি আসিফ আকবরের এমন মন্তব্যকে অবমাননাকর, অপমানজনক ও উদ্বেগজনক বলে আখ্যায়িত করেছেন এবং এই বিষয়ের ব্যাখা চেয়েছেন তাবিথ।
চিঠিতে বলা হয়েছে, 'আপনার মতো অভিজ্ঞ ও মর্যাদাপূর্ণ একজন ব্যক্তি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন, যা আমাদের জন্য গর্বের বিষয়। আমি ৬ নভেম্বর ২০২৫ অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সে প্রদত্ত বক্তব্য সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করতে চাই। ক্রিকেট কনফারেন্স থেকে ফুটবল খেলাকে নিয়ে অত্যন্ত অবমাননাকর, অপমানজনক ও উদ্বেগজনক মন্তব্য করা হয়, যা শুধু ফুটবল নয়, পুরো ক্রীড়া সমাজের জন্যই হতাশাজনক।'
রোববার আসিফ বলেছেন, প্রয়োজন হলে ফুটবলের সঙ্গে মারপিট করতে প্রস্তুত তিনি, যা হুমকিস্বরূপ মনে করছে বাফুফে। তাবিথ আউয়াল আসিফের এমন মন্তব্যের ব্যাখা চেয়ে বলেছেন, 'আমরা এই মন্তব্যের প্রতি তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই পত্রকে আমাদের আনুষ্ঠানিক আপত্তি হিসেবে বিবেচনা করার অনুরোধ জানাচ্ছি। এমন মনোভাব প্রকাশ পাওয়া দুঃখজনক এবং উদ্বেগজনক। আমরা সবাই খেলাধুলাকে একটি ঐক্যের মঞ্চ হিসেবে ব্যবহার করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং এমন একটি প্ল্যাটফর্ম, যা আমাদের জাতিকে একত্রিত করে, ভবিষ্যৎ প্রজন্মের মাঝে গর্ব ও অনুপ্রেরণা সৃষ্টি করে। আমরা এই বিষয়ে আপনার কাছে আনুষ্ঠানিক ও সর্বসম্মুখে ব্যাখ্যা চাই।'
এত জল ঘোলা হওয়ার পর নিজের অবস্থানে অনড় আসিফ আকবর। গতকাল ক্রিকেট কনফারেন্সের দ্বিতীয় এবং শেষ দিনেও আসিফের কণ্ঠে ছিল একই সুর, যেন 'থোড়াই কেয়ার'। তিনি বলেন, 'ক্রিকেট প্রায়োরিটি, ফুটবলের ভাইয়া রেগে গেছে। আমি চাই রেগে মাঠ দিয়ে দিক। গতকাল যা বলেছিলাম তাই সঠিক।'

