বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব পেয়েছেন নাহিদা আক্তার। আর সহ-অধিনায়ক হয়েছেন সোবহানা মোস্তারি। এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী উইংয়ের চেয়ারম্যান রফিকুল ইসলাম ক্রিকবাজকে বলেন, ‘নাহিদাকে দায়িত্ব দেওয়ার জন্য আমরা নির্বাচক প্যানেলের সদস্য ও অন্যদের সঙ্গে বসেছিলাম। সোবহানা মোস্তারি ভাইস ক্যাপ্টেন।’
নিগার সুলতানা জ্যোতি অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোয় এই দায়িত্ব পাচ্ছেন নাহিদা। ২০২২ সালে অধিনায়কত্ব শুরু করা জ্যোতি গত সেপ্টেম্বরে এশিয়ান গেমস শেষে দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন। ৮২টি টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে ৩২ ম্যাচে জয় এনে দিয়েছেন তিনি।
জ্যোতির নেতৃত্বের পুরোটা সময় তার ডেপুটি ছিলেন নাহিদা। দেশের জার্সিতে ১১৩ ম্যাচে ১৩২ উইকেট শিকার করেছেন এই অভিজ্ঞ ক্রিকেটার।
