স্পোর্টস রিপোর্টার
সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০১৬ সালের অক্টোবর মাসে। এরপর থেকে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সাথে মতের অমিলে আরও কয়েকজন সিনিয়র ক্রিকেটারের সাথে ছিলেন জাতীয় দলের বাইরে। জাতীয় দলে ফিরেছেন গত মাসের শুরুতে। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি খেলেছেন। অবশেষে ওয়ানডে ক্রিকেটে ফিরছেন এই বাংলাদেশে।
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত দলে দুই বছরের বেশি সময় পর নাম দেখা গেলো ড্যারেন ব্র্যাভোর। এই সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়কত্ব করবেন রভম্যান পাওয়েল। সেই সাথে অলরাউন্ডার রোস্টন চেজ এবং টি-টোয়েন্টি অধিনায়ক কার্লোস ব্রাথওয়েট আছেন ১৫ সদস্যের এই দলে।
জেসন হোল্ডারের কাঁধের ইনজুরি তাকে বাংলাদেশ সফরে আসতে দেয়নি। ফলে এখানে তিন ফরম্যাটে তিন অধিনায়কের অধীনে খেলতে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজকে। টেস্টে নেতৃত্ব দিয়েছেন ক্রেইগ ব্রাথওয়েট। তিনি টেস্ট খেলে দেশে ফিরে গেছেন। এবার ওয়ানডেতে দলকে নেতৃত্ব দেবেন রভম্যান পাওয়েল। এটাই পাওয়েলের ক্যারিয়ারের প্রথমবারের মতো জাতীয় দলকে নেতৃত্ব দেওয়া। পাওয়েল ভারতে অনুষ্ঠিত ওয়ানডে সিরিজে অবশ্য খুব একটা ভালো করতে পারেননি। পাঁচ ইনিংসে মাত্র ৬১ রান করেছেন। পরে অবশ্য টি-টেন লিগে দারুণ একটা সময় কাটিয়ে এসেছেন এই মারকুটে ব্যাটসম্যান। তিনি সেখানে ২২৬.৯২ স্ট্রাইক রেটে ১৭৭ রান করেছেন। এর মধ্যে ২৫ বলে একটা ৬১ রানের ইনিংস আছে। এই ইনিংসে ভর করে নর্দান ওয়ারিয়র্স জয় পেয়েছিলো। তবে ওয়েস্ট ইন্ডিজের তরফে সবচেয়ে বড় খবর হলো, এই সিরিজের ভেতর দিয়ে তারা তারকা ব্যাটসম্যান ড্যারেন ব্র্যাভোকে ফিরে পাচ্ছে। দুই বছরেরও বেশি সময় পর আবার ওয়ানডে খেলতে নামবেন এই ব্রাভো ভাইদের এক জন। ২০০৯ সালে অভিষেকের পর থেকে ২০১৬ সাল পর্যন্ত ৯৪টি ওয়ানডে খেলেছেন ড্যারেন। তিনি সেখানে ৩২.০৩ গড়ে ২৫৯৫ রান করেছেন। ওয়ানডেতে তার তিনটি সেঞ্চুরির পাশাপাশি ১৭টি ফিফটি আছে। ব্রাভোর উপস্থিতি এই দলের শক্তি বাড়াবে বলেই বিশ্বাস করছে ওয়েস্ট ইন্ডিজ। এ সম্পর্কে বলতে গিয়ে ওয়েস্ট ইন্ডিজের নির্বাচক কমিটির চেয়ারম্যান কোর্টনি ব্রাউন বলেছেন, ‘অধিনায়ক জেসন হোল্ডারের অনুপস্থিতিতেও এই দলটা খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলবে বলে আমরা বিশ্বাস করি। বিশেষ করে ড্যারেন ব্র্যাভোর ফিরে আসাটা বড় ব্যাপার। ড্যারেনের অভিজ্ঞতা আমাদের ব্যাটিংয়ে বিশেষ শক্তি যোগ করবে।’
ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল
রভম্যান পাওয়েল (অধিনায়ক), মারলন স্যামুয়েলস, রোস্টন চেজ, দেবেন্দ্র বিশু, চন্দরপল হেমরাজ, শিমরন হেটমেয়ার, ড্যারেন ব্র্যাভো, শাই হোপ, কালোস ব্রাথওয়েট, কেমু পল, কিয়েরন পাওয়েল, ফ্যাবিয়েন অ্যালেন, কেমার রোচ, সুনীল অ্যাম্ব্রিস, ওশানে থমাস
