রাজবাড়ী-২ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা না হওয়ায় আমরণ অনশন শুরু করেছেন তারেক জিয়া পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও রাজবাড়ী জেলা আহ্বায়ক মো. রিয়াজুল ইসলাম।
সোমবার (১০ নভেম্বর) দুপুর ২টা থেকে তিনি পাংশা পৌর শহরের পুরাতন বাজার দর্গাতলা এলাকায় হযরত শাহ্জুই (রহ.) মাজার শরিফের সামনে অনশনে বসেন।
রিয়াজুল ইসলাম বলেন, ‘গত ৩ নভেম্বর বিএনপি ২৩৭টি আসনে প্রার্থীদের মনোনয়ন দিয়েছে। কিন্তু এখনো ৬৩টি আসনে জোট প্রার্থীদের জন্য মনোনয়ন দেওয়া হয়নি। এর মধ্যে রাজবাড়ী–২ আসনও রয়েছে। আমরা কোনো জোট প্রার্থী চাই না, আমরা ধানের শীষের প্রার্থী চাই।’
তিনি বলেন, ‘শোনা যাচ্ছে, রাজবাড়ী–২ আসনে জোটভিত্তিক প্রার্থী হিসেবে এনডিএমের মহাসচিব মোমিনুল আমিকে মনোনয়ন দেওয়া হতে পারে।কিন্তু তার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও র্যাবের প্রধান বেনজীর আহমেদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের ছবি সামাজিক মাধ্যমে দেখা গেছে। আমরা কোনো আওয়ামী লীগের দোসরকে এই আসনে চাই না।’
রিয়াজুলের দাবি, রাজবাড়ী–২ আসনে ধানের শীষের প্রার্থীকে মনোনয়ন দিতে হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গত ৩ নভেম্বর আসন্ন জাতীয় নির্বাচনের জন্য ২৩৭টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে। বাকি ৬৩টি আসনে এখনো জোটভিত্তিক প্রার্থীদের সঙ্গে আলোচনা চলছে।
রাজবাড়ী–২ (পাংশা–কালুখালী) আসনটি বর্তমানে আলোচনায় রয়েছে— কারণ স্থানীয় বিএনপি নেতারা দাবি করছেন, এই আসনে ধানের শীষ প্রতীক ছাড়া অন্য কোনো প্রার্থী “গ্রহণযোগ্য হবে না।”
