ঈদের আগে-পরে ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন

আপডেট : ৩০ জুলাই ২০১৯, ২১:৩৪

ইত্তেফাক রিপোর্ট

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে দেশের সব সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশ দিয়েছে সরকার। আগামী পহেলা আগস্ট থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্টেশনগুলো খোলা রাখা হবে।

গতকাল মঙ্গলবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করে। বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এক প্রেস ব্রিফিংয়েও এ তথ্য জানান।

প্রজ্ঞাপনে বলা হয়, “সর্বসাধারণের সুবিধার্থে সব সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস রিফুয়েলিং কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১ আগস্ট, ২০১৯ হতে ২৪ ঘণ্টা খোলা থাকবে।” এর আগে গত ২৪ জুলাই জ্বালানি বিভাগ থেকে পেট্রোবাংলার চেয়ারম্যান বরাবর দেওয়া এক চিঠিতে ঈদের পরের পাঁচদিন সিএনজি স্টেশনগুলো ২৪ ঘণ্টা খোলা রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়। পেট্রোবাংলা সে অনুযায়ী, স্টেশনগুলোকে নোটিশ দিয়েছে বলে জানা গেছে।

গ্যাস সাশ্রয়ের লক্ষ্যে বর্তমানে প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ থাকছে। কয়েক বছর ধরে ঈদের আগে-পরে কয়েকদিন স্টেশনগুলো ২৪ ঘণ্টা খোলা রাখা হয়। চাঁদ দেখা সাপেক্ষে এ বছর ঈদুল আজহা ১২ আগস্ট।