হলের আসন দাবিতে মধ্যরাতে আন্দোলনে জাবি ছাত্রীরা

আপডেট : ৩০ জুলাই ২০১৯, ২১:৩৫

জাবি সংবাদদাতা

চার জনের রুমে পাঁচ জন করে ছাত্রী ওঠানোর চেষ্টার প্রতিবাদে এবং হলের আসন নিশ্চিতের দাবিতে সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত দফায় দফায় আন্দোলন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের আবাসিক ছাত্রীরা। আন্দোলনরত ছাত্রীরা সোমবার রাত ৮টা থেকে হলের সামনের রাস্তায় অবস্থান নেন। পরে রাত আড়াইটায় মোবাইল ফোনে উপাচার্যের আশ্বাসে আন্দোলন স্থগিত  করে হলে ফেরেন ছাত্রীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে হলের আসন ও ক্যান্টিন সমস্যার সমাধান, হল প্রভোস্টের পদত্যাগসহ সাত দফা দাবিতে বঙ্গমাতা হলের সামনের রাস্তায় অবস্থান নেন হলের সব ব্যাচের ছাত্রীরা। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে—হলে শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহারের জন্য হল কর্তৃপক্ষকে জনসম্মুখে ক্ষমা চাইতে হবে, শিক্ষার্থীদের কোনো সিট বাতিল না করা, রুমে অতিরিক্ত ছাত্রী না দেওয়া, কিচেনে কোনো ছাত্রী থাকবেন না, হলে উপস্থিতি সিস্টেম বন্ধ করা, ডাইনিং চালু করা, ১৫ দিনের মধ্যে ক্যান্টিনের মালিক পরিবর্তন করা এবং ৪৭তম ব্যাচের অতিসত্ত্বর সিটের ব্যবস্থা করতে হবে।