বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক, মানিকগঞ্জ-৩ আসনের বিএনপি দলীয় মনোনীত প্রার্থী আফরোজা খানম রিতার মালিকানাধীন মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন শিবালয় উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বুধবার (১২ নভেম্বর) দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন— শিবালয় উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেত্রী রুনা আক্তার (৪০), তার স্বামী যুবলীগ নেতা লিটন খান (৫২), শিবালয় মডেল ইউনিয়ন পরিষদের সদস্য রেজাউল করিম লাভলু (৪৮), উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মিজান খন্দকার (৪৮), নিজাম উদ্দিন (৪৯), আশরাফ হোসেন আখের (৫৫), রিফাত হোসেন (২২), আব্দুল কাদের (৫৪) ও বিএম আকরাম হোসেন মজনু (৪২)।
শিবালয় থানার ওসি মানবেন্দ্র সরকার জানান, গত ৯ নভেম্বর সন্ধ্যায় উপজেলার উথলী মোড়ে সারমানো সিএনজি পাম্পের পাশে মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী বহনকারী একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় বাসের মালিক সিয়াম ইদ্রিস বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ প্রাথমিকভাবে পাঁচজনকে গ্রেপ্তার করে।
পরবর্তীতে তদন্তের অগ্রগতিতে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রুনা আক্তার ও তার স্বামীসহ আরও চারজনকে একই মামলায় গ্রেপ্তার করা হয়।
ওসি আরও জানান, মামলার অন্যান্য এজাহারনামীয় পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

