ভিআইপির জন্য ফেরি ছাড়তে দেরি

তিতাসের মৃত্যুতে ৩ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

আপডেট : ৩০ জুলাই ২০১৯, ২২:০৩

এক যুগ্ম সচিবের জন্য দেরিতে ফেরি ছাড়ায় স্কুলশিক্ষার্থী তিতাসের মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। ঐ রিটে সংশ্লিষ্ট সচিব ও ফেরি ব্যবস্থাপকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে আবেদন জানানো হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জহির উদ্দিন লিমন বাদী হয়ে গতকাল মঙ্গলবার এ রিট করেন। রিটে ৩ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানের জন্য বিবাদীদের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে।

রিটকারী আইনজীবী সাংবাদিকদের বলেন, মানবতা আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে? এক জন ভিআইপি ব্যক্তির জন্য তিন ঘণ্টা ফেরি দাঁড় করিয়ে রাখা হয়েছে। যার জন্য সড়ক দুর্ঘটনায় আহত স্কুলছাত্র যথাযথ চিকিত্সা না পেয়ে অ্যাম্বুলেন্সেই মৃত্যুবরণ করেছে। আইনজীবী বলেন, ভিআইপি কারা সেই বিষয়টি আইনে উল্লেখ করা রয়েছে। এক জন যুগ্ম সচিব কী            ভিআইপি ক্যাটাগরিতে পড়েন? আর যদি তিনি ভিআইপি ক্যাটাগরিতে পড়ে থাকেন তারপরেও তার জন্য ফেরি দেরি করে ছাড়ার সুযোগ নেই। কারণ ঐ ফেরিতে এক জন শিক্ষার্থী অসুস্থ অবস্থায় ছটফট করছিল।

গত ২৫ জুলাই রাতে সরকারের এটুআই প্রকল্পের যুগ্ম সচিব আব্দুস সবুর মন্ডলের গাড়ির অপেক্ষায় প্রায় তিন ঘণ্টা দেরিতে ছাড়ে ফেরি। এতে ঘাটে আটকে পড়া অ্যাম্বুলেন্সে স্কুলছাত্র তিতাস ঘোষের মৃত্যু হয়। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর দেশব্যাপী সমালোচনার ঝড় ওঠে।