ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে মুক্তিযোদ্ধাসহ নিহত ২

আপডেট : ৩০ জুলাই ২০১৯, ২২:০৫

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বিলকেন্দুয়াই গ্রামে সোমবার বিকেলে দুই পক্ষের সংঘর্ষে মুক্তিযোদ্ধাসহ দুজন নিহত এবং মহিলাসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।  নিহতরা হলেন মুক্তিযোদ্ধা আব্দুর রউফ ও মলাই মিয়া। এদিকে সংঘর্ষের জের ধরে গতকাল মঙ্গলবার উভয় পক্ষের দাঙ্গাবাজরা বাড়িঘরে হামলা, ভাঙচুর ও ব্যাপক লুটতরাজ চালায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের বিলকেন্দুয়াই গ্রামের মাস্টারবাড়ির আনোয়ার ও খন্দকারবাড়ির নসর মিয়ার মধ্যে এলাকায়          আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। সম্প্রতি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধ চরম আকার ধারণ করে। এর জের ধরে সোমবার বিকেলে মলাই মিয়ার বাড়িতে মাস্টারবাড়ির লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় দাঙ্গাবাজরা ককটেল ফাটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। পরে উভয় পক্ষের লোকজন রামদা, বল্লমসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, মলাই মিয়াসহ উভয় পক্ষের ৩০ জন আহত হয়। আহতদের মধ্যে রুবেল, মানিক মিয়া, মাসুদ মিয়া, রাসেল, রাজিয়া, ইয়ামিন, আয়াতুল্লাহ, মমিনুল হক, ওয়াসিম, ইয়ামিন মিয়া, জীবন, বারেক, সাইদ মিয়া, সুমন মিয়া, রাকিব মিয়া ও নাজমাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি এবং অন্যদের প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়। গুরুতর আহত মলাই মিয়া ও মুক্তিযোদ্ধা আব্দুর রউফকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠান। সোমবার রাতে ঢাকায় নেওয়ার পথে মলাই মিয়া মারা যান। এছাড়া গতকাল মঙ্গলবার সকালে ঢাকায় চিকিত্সাধীন অবস্থায় মুক্তিযোদ্ধা আব্দুর রউফের মৃত্যু ঘটে। এর জের ধরে গতকাল উভয় পক্ষের লোকজন প্রতিপক্ষের কমপক্ষে ৭০টি বাড়িঘর ভাঙচুর করে। এছাড়া ২০-২৫টি গরু লুটের ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য মোজাম্মেল হকের একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার আনিসুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন, এসপি (হেডকোয়ার্টার) আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল কবির ও র্যাব কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

অতিরিক্ত পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বলেন, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।