চট্টগ্রামের বিশিষ্ট সাংবাদিক আতাউল হাকিম আর নেই

আপডেট : ৩০ জুলাই ২০১৯, ২২:১০

চট্টগ্রামের বিশিষ্ট সাংবাদিক, চট্টগ্রাম প্রেসক্লাব ও সিইউজের সাবেক সভাপতি আতাউল হাকিম (৬৯) আর নেই। মঙ্গলবার রাত ৯টায় তিনি ইন্তেকাল করেন।

 

সন্ধ্যায় নিজ বাসভবনে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে প্রাইভেট হাসপাতাল সিএসসিআর-এ নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসকরা পরীক্ষা করে জানান হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন। তিনি এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

 

 

বুধবার বেলা ১১টায় সাংবাদিক আতাউল হাকিমের মরদেহে শ্রদ্ধা জানানোর জন্য চট্টগ্রাম প্রেসক্লাবে আনা হবে। তিনি চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক আজাদী, দৈনিক পূর্বকোণসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে কাজ করেছেন। তার কাছেই চট্টগ্রামের বহু শীর্ষস্থানীয় সাংবাদিকের হাতেখড়ি।

আরো পড়ুন : সিসিক মেয়রের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

দৈনিক পূর্বকোণ ছিল তার সর্বশেষ কর্মস্থল। সেখান থেকে যুগ্ম-বার্তা সম্পাদক হিসাবে অবসর নেয়ার পর তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। তার মুত্যুর সংবাদে চট্টগ্রামের সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া নেমে আসে

 

আতাউল হাকিম সাংবাদিকতার পাশাপাশি লেখালেখি করতেন। তার প্রকাশিত বইগুলো হচ্ছে ‘একান্ত ব্যক্তিগত’, ‘অমাবস্যা চতুর্দিক’, ‘নিজগুণে ক্ষমা করবেন’, ‘বিশ্ব পুরুষ সম্মেলন’ ইত্যাদি।