মানিকগঞ্জে বেড়ে চলেছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। মঙ্গলবার রাত পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ৪৫ জন রোগী শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে নতুন রোগী ছয়জন। মানিকগঞ্জ জেলা সদর হাসপাতাল কার্যালয় সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন নতুন ছয়জন রোগীর মধ্যে রয়েছেন, চার শিশু, এক নারী ও একজন পুরুষ। আক্রান্তদের মধ্যে ছয়জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। গতকাল রাত পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ৩৪ জন রোগী জেলা সদর হাসপাতালে ভর্তি ছিলেন।
আরও পড়ুন: প্রাণ ও ফার্মফ্রেশ দুধ উৎপাদন-বিক্রিতে আর বাধা নেই
জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) লুৎফর রহমান জানান, আক্রান্তদের বিনামূল্যে মশারিসহ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ বলেন, রোগীদের প্রায় সকলেই ঢাকা থেকে আক্রান্ত। তবে ৪৫ জন রোগীর চারজন মানিকগঞ্জ থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন বলে রোগীর স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে।
ইত্তেফাক/অনি
