মতবিনিময় সভায় বক্তারা

অস্ত্রোপচারে ফিস্টুলা রোগ সম্পূর্ণ ভালো হয়

আপডেট : ৩১ জুলাই ২০১৯, ০০:২৮

ফিস্টুলা একটি প্রসবজনিত রোগ। এই রোগে আক্রান্ত নারীদের জরায়ু দিয়ে অনবরত প্রস্রাব ঝরতে থাকে। অনেকের আবার প্রস্রাব পায়খানা দুইই ঝরতে থাকে। সাধারণত বাধাগ্রস্ত প্রসবের কারণে এই রোগ হয়। তবে ইদানিং স্ত্রীরোগে অস্ত্রোপচার ও সিজারিয়ান অপারেশনজনিত কারণেও নারীদের ফিস্টুলা হয়ে থাকে। তবে অপারেশনে এই রোগ সম্পূর্ণ ভালো হয় এবং বিনামূল্যে দেশে এই রোগের চিকিত্সা হচ্ছে।

গতকাল পিআইবি মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে প্রসবজনিত ফিস্টুলা কর্মসূচির মতবিনিময় সভায় সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা এসব কথা বলেন। ইউনিভার্সিটি ফিস্টুলা সেন্টার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ‘ফিস্টুলা কেয়ার প্লাস প্রকল্প, এনজেন্ডারহেলথ বাংলাদেশ ও প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ-পিআইবি যৌথভাবে এই মতবিনিময় সভার আয়োজন করে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক কাজী এ কে এম মহিউল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএস এর সিনিয়র ফ্যামিলি প্লানিং অ্যাডভাইজার ড. আলিয়া এল মোহানদেস, বিএসএমএমইউ এর স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক তৃপ্তি রানী দাস, অবস্টেট্রিক্যাল এন্ড গাইনোকোলোজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের সাধারণ সম্পাদক অধ্যাপক সালেহা বেগম চৌধুরী।              

মতবিনিময় সভায় ফিস্টুলার বর্তমান অবস্থা, উত্তোরণের জন্য করণীয়, আগামী দিনের চ্যালেঞ্জগুলো এবং প্রসবজনিত ফিস্টুলা কর্মসূচির এ যাবত্কালের সফলতা এসব বিষয়ে আলোচনা  করা হয়।